জাতীয়

সেপ্টেম্বরে তাপপ্রবাহ ও কম বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের

তাপপ্রবাহ

ঢাকা, ১ সেপ্টেম্বর – চলতি সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি থাকার পাশাপাশি ২ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। একই সময়ে বঙ্গোপসাগরে এক থেকে ৩টি মৌসুমি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে যার মধ্যে অন্তত একটি নিম্নচাপে রূপ নিতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে গঠিত বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় এই পূর্বাভাস দেওয়া হয়েছে। অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. মমিনুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

পূর্বাভাস প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে। এ সময় দেশের বিভিন্ন স্থানে ৩ থেকে ৫ দিন বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। ৩৬ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করতে পারে এমন মৃদু ও মাঝারি তাপপ্রবাহের কবলে পড়তে পারে দেশ। তবে প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ থাকলেও ভারী বৃষ্টিপাতের কারণে উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু জায়গায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

এদিকে সদ্য বিদায়ী আগস্ট মাসের আবহাওয়া পর্যালোচনায় দেখা গেছে, সারা দেশে স্বাভাবিকের চেয়ে ৫ দশমিক ৭ শতাংশ কম বৃষ্টি হয়েছে। তবে চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত ছিল স্বাভাবিকের চেয়ে বেশি। সিলেট ও বরিশাল বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত হলেও অন্য বিভাগগুলোতে বৃষ্টি কম হয়েছে।

আগস্টে বঙ্গোপসাগরে ৪টি লঘুচাপ সৃষ্টি হয়েছিল যার মধ্যে দুটি নিম্নচাপে পরিণত হয়। মাসের বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহও বয়ে গেছে। গত ২৭ আগস্ট রাজশাহীতে মাসের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

এনএন/ ১ সেপ্টেম্বর ২০২৬

Back to top button