ইউরোপ

কিয়েভে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ৪

রাশিয়ার ব্যাপক হামলা

কিয়েভ, ১ সেপ্টেম্বর – ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে রাশিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত চারজন প্রাণ হারিয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও এক ডজনের বেশি মানুষ। মঙ্গলবার ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।

কিয়েভ আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানান যে রাতভর রাজধানীতে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে বড় ধরনের হামলা চালানো হয়। শহরের সামরিক প্রশাসনের তথ্য অনুযায়ী কিয়েভেই ৩ জন নিহত ও ৫ জন আহত হন।

অন্যদিকে কিয়েভের দক্ষিণাঞ্চলীয় বরিসপিল এলাকায় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলায় এক জন নিহত এবং এক জন আহত হয়েছেন। এছাড়া একটি আবাসিক ভবনে চালানো হামলায় আরও আটজন আহতের খবর পাওয়া গেছে। মঙ্গলবার ভোরে কিয়েভে দায়িত্বরত সাংবাদিকরা দফায় দফায় বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং আকাশে আলোর ঝলকানি দেখতে পান।

এর কিছুক্ষণ আগে দেশটির বিমানবাহিনী সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সর্তকতা জারি করে স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিল। উল্লেখ্য যে গ্রীষ্মকালীন ছুটির পর মঙ্গলবার থেকে ইউক্রেনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু হয়েছে। নতুন শিক্ষাবর্ষের শুরুর দিনে রুশ হামলার আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও শেষ রক্ষা হয়নি।

গত কয়েক সপ্তাহ ধরে কিয়েভ ও এর আশপাশের অঞ্চলে ধারাবাহিকভাবে ড্রোন হামলা চালাচ্ছে মস্কো। সম্প্রতি কিয়েভের উপকণ্ঠে গোলাবারুদের গুদামে হওয়া এক হামলায় ৩৮ জন নিহতের ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে দুই দেশই দূরপাল্লার হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে। রাশিয়ার এই আক্রমণ মোকাবিলায় ইউক্রেন বর্তমানে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সংকটে ভুগছে বলে জানা গেছে।

এস এম/ ১ সেপ্টেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language