আইন-আদালত

সাগর-রুনি হত্যায় এক ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ যোগসূত্র পাওয়ার দাবি

ঢাকা, ৩০ আগস্ট – সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে নতুন এক তথ্যের ইঙ্গিত পাওয়া গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত করতে গিয়ে এই হত্যাকাণ্ডের সঙ্গে জনৈক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার আভাস পাওয়া গেছে।

রবিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। তবে তদন্তের স্বার্থে ওই ব্যক্তির নাম এখনই প্রকাশ করতে রাজি হননি তিনি। চিফ প্রসিকিউটর স্পষ্ট করেন যে, সাগর-রুনি হত্যা মামলার মূল তদন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা করছে না।

তবে অন্য একটি মামলার তদন্তকালে তারা এই ঘটনার সঙ্গে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পেয়েছেন। তিনি আরও জানান, প্রাপ্ত তথ্যগুলো বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে এবং সংশ্লিষ্ট ওই ব্যক্তির ওপর কড়া নজরদারি রাখা হয়েছে।

তদন্তের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, সংগৃহীত তথ্যগুলো যদি নির্ভরযোগ্য এবং যথাযথ প্রমাণিত হয়, তবে তা এই হত্যা মামলার বর্তমান তদন্তকারী সংস্থা পিবিআইয়ের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে। অপরাধের সঙ্গে ওই সাংস্কৃতিক ব্যক্তিত্বের সংশ্লিষ্টতার প্রকৃতি সম্পর্কে বিস্তারিত এখনই জানাননি তিনি।

উল্লেখ্য যে, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি নৃশংসভাবে খুন হন। দীর্ঘ সময় পার হলেও এই মামলার রহস্য এখনো পুরোপুরি উন্মোচিত হয়নি।

এস এম/ ৩০ আগস্ট ২০২৬

Back to top button