অপরাধীদের দমনে ডিএমপির অ্যাকশন: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫

ঢাকা, ২৩ সেপ্টেম্বর – রাজধানী ঢাকায় অপরাধ দমনে এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে অলআউট অ্যাকশনে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় নগরজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৪৫টি নতুন মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের দেওয়া তথ্যমতে, রাজধানীর ৯টি প্রশাসনিক বিভাগ ও ডিবি পুলিশের সমন্বিত এই অভিযানে শুধু অপরাধীদের গ্রেপ্তারই করা হয়নি, উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র, বিপুল পরিমাণ মাদক এবং ছিনতাই ও ডাকাতির সরঞ্জাম। একই সঙ্গে এক অপহৃত বা আটকে থাকা ভিকটিমকে সফলভাবে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।
বিভাগভিত্তিক গ্রেপ্তারের চিত্র:
- মিরপুর বিভাগ: ৯০ জন
- মতিঝিল বিভাগ: ৮৩ জন
- তেজগাঁও বিভাগ: ৮০ জন
- ওয়ারী বিভাগ: ৬৪ জন
- রমনা বিভাগ: ৩৮ জন
- লালবাগ বিভাগ: ৩৮ জন
- উত্তরা বিভাগ: ৩৪ জন
- গুলশান বিভাগ: ৩৩ জন
- গোয়েন্দা বিভাগ (ডিবি) ৫ জন
উদ্ধারকৃত অস্ত্র, মাদক ও মালামাল:
অভিযানকালে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি সিসার কার্তুজ, দুটি ধারালো ছুরি, ৫০ কেজি গাঁজা, ২৯৯টি ইয়াবা এবং ২৩ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
এছাড়া অপরাধ কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, ১১টি মোবাইল ফোন, স্টিলের রড, পাঁচটি কাঠের স্ট্যাম্প, ফুয়েল পেপার এবং নগদ ৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, ঢাকা শহরকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে পুলিশের এই সাঁড়াশি অভিযান সামনে আরও জোরদার করা হবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষ করে আদালতে পাঠানো হচ্ছে।
এনএন/ ২৩ সেপ্টেম্বর ২০২৬







