ঢালিউড

নেপালে বন্যা ও ভূমিকম্পের কবলে ঢাকাই টিম, নিরাপদে আছেন অপু বিশ্বাস

কাঠমান্ডু, ২৭ আগস্ট – নেপালে আকস্মিক বন্যা এবং ভূমিকম্পের কারণে জনমনে আতঙ্ক সৃষ্টি হলেও স্বস্তির খবর জানিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সেখানে তার নতুন সিনেমা শিকার এর শুটিং চলছে। অপু বিশ্বাস নিশ্চিত করেছেন যে সিনেমার পুরো ইউনিট বর্তমানে নিরাপদ স্থানে রয়েছে।

বুধবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তার মাধ্যমে তিনি এই তথ্য জানান। অপু বিশ্বাস বলেন, নেপালে প্রাকৃতিক দুর্যোগের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তার ভক্ত, শুভাকাঙ্ক্ষী, গণমাধ্যমকর্মী এবং আত্মীয়স্বজনরা উদ্বেগের সাথে খোঁজ নিচ্ছেন। সবার এই ভালোবাসা এবং উদ্বেগের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি জানান, সৃষ্টিকর্তার অশেষ কৃপায় শুটিং ইউনিটের সবাই সুস্থ ও নিরাপদ আছেন। জানা গেছে, নেপালের তিব্বত সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানিতে বেশ কিছু গ্রাম এবং প্রকল্প এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। এই দুর্যোগের পর থেকে বহু বিদেশি পর্যটক নিখোঁজ রয়েছেন বলে জানা যায়।

নিখোঁজদের মধ্যে শতাধিক ভারতীয় পর্যটকও রয়েছেন। নেপাল সরকারের পক্ষ থেকে নিখোঁজদের উদ্ধারে জোর তৎপরতা চালানো হচ্ছে। উদ্ধারকাজে নেপাল সেনাবাহিনীর ১৪টি হেলিকপ্টার এবং দুর্যোগ মোকাবিলা বাহিনীর বিশেষ দল নিয়োজিত রয়েছে। দুর্গত এলাকাগুলোতে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার কাজও চলমান রয়েছে।

এস এম/ ২৭ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language