সচেতনতা

বাড়ি থেকে পিঁপড়া তাড়ানোর ৫টি কার্যকর ঘরোয়া উপায়

বাড়িতে পিঁপড়ার উপদ্রব অত্যন্ত অস্বস্তিকর একটি বিষয়। সাধারণত খাবার ও পানীয়ের আকর্ষণে এই পতঙ্গ ঘরের ভেতরে প্রবেশ করে। বিশেষ করে মিষ্টি জাতীয় খাবার এবং রান্নাঘরে খোলা অবস্থায় পড়ে থাকা খাবারের প্রতি এদের ঝোঁক বেশি থাকে।

তবে কেবল খাবার নয়, আর্দ্রতার টানেও পিঁপড়া সিঙ্ক, বাথরুম কিংবা আলমারির কাপড়ের ভাঁজে আশ্রয় নিতে পারে। ক্ষেত্রবিশেষে পিঁপড়ার কামড়ে ত্বকে জ্বালা বা লাল দাগের মতো সমস্যা তৈরি হতে পারে।

ঘর থেকে কার্যকরভাবে পিঁপড়া তাড়াতে কয়েকটি প্রাকৃতিক ঘরোয়া উপায় বেশ সহায়ক হতে পারে। ভিনেগার ও পানির সমপরিমাণ মিশ্রণ একটি স্প্রে বোতলে নিয়ে ঘরের বিভিন্ন কোণে এবং প্রবেশপথে ব্যবহার করা যেতে পারে। মেঝে পরিষ্কারের সময়ও পানিতে সামান্য ভিনেগার মিশিয়ে নেওয়া যায়।

এছাড়া তেজপাতার তীব্র গন্ধ পিঁপড়া সহ্য করতে পারে না। কয়েকটি তেজপাতা গুঁড়ো করে পিঁপড়া আসার পথে রেখে দিলে সুফল পাওয়া যায়।

রান্নার কাজে ব্যবহৃত হলুদের গুঁড়ো প্রাকৃতিক প্রতিরোধক হিসেবে কাজ করে। বাড়ির প্রবেশপথ বা জানালার ধারে হলুদ ছিটিয়ে দিলে পিঁপড়া দূরে থাকে।

অন্যদিকে, শুকনো মরিচ ও লবণের মিশ্রণ ফুটিয়ে ঠান্ডা করে স্প্রে তৈরি করা যেতে পারে। লেবুর রসের ব্যবহারও পিঁপড়া তাড়াতে সমান কার্যকর। লেবুর অ্যাসিডিক গন্ধ পিঁপড়ার চলাচলের পথ বিভ্রান্ত করে দেয়।

এই ঘরোয়া উপায়গুলোর পাশাপাশি নিয়মিত বাড়ি পরিষ্কার এবং শুকনো রাখা প্রয়োজন। এতে দীর্ঘমেয়াদী ভাবে পিঁপড়ার উপদ্রব থেকে মুক্তি পাওয়া সম্ভব।

এনএন/ ২৭ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language