ইউপি নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন

ঢাকা,১২ অক্টোবর- ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি নির্ধারণ করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার সকাল ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে অন্য চারজন নির্বাচন কমিশনারের পাশাপাশি ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন।
ইসির কর্মকর্তারা জানান, সভার আলোচ্যসূচিতে রয়েছে স্থানীয় সরকার পরিষদের নির্বাচন নিয়ে আলোচনা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণ। এ ছাড়া জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণের বিষয়টিও আলোচনায় রয়েছে।
সভায় পার্সোনালাইজেশন সেন্টারে থাকা মেশিনগুলোর অবস্থা, রক্ষণাবেক্ষণ, কার্ড প্রিন্ট, বকেয়া বিল পরিশোধ ও নতুন চুক্তি সম্পাদনসহ বিভিন্ন বিষয়ে গঠিত কমিটির কার্যবিবরণী পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫-এর খসড়া অনুমোদন এবং বিবিধ বিষয়ও আলোচ্যসূচিতে রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, সোমবার কমিশনের সভায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হবে।
এস এম/ ১২ অক্টোবর ২০২৬







