উত্তর আমেরিকা

সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের চরম সতর্কতা অবলম্বনের পরামর্শ

মার্কিন নাগরিকদের ‘চরম সতর্কতা’ অবলম্বনের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর

ওয়াশিংটন, ১২ অক্টোবর- সৌদি আরবের প্রধান বিমানবন্দরগুলো ব্যবহারের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের ‘চরম সতর্কতা’ অবলম্বনের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। রিয়াদ ও দাম্মামের বিভিন্ন স্থাপনায় নতুন করে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এ সতর্কতা জারি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার বিষয়ক ব্যুরোর আনুষ্ঠানিক অ্যাকাউন্ট ‘ট্রাভেলগভ’ জানায়, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে হামলার ঘটনা সম্পর্কে তারা অবগত হয়েছে। একই সময়ে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরও হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে জানানো হয়।

সৌদি আরবে অবস্থানরত মার্কিন সরকারি কর্মীদের রিয়াদ, জেদ্দা ও দাম্মামের বিমানবন্দর ব্যবহারের আগে বিশেষ অনুমোদন নেওয়ার নির্দেশনাও দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

এ পরিস্থিতিতে ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া এবং যাতায়াতে বিভিন্ন ধরনের বিঘ্ন ঘটতে পারে বলেও সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। এ কারণে যাত্রীদের নিজ নিজ বিমান সংস্থা ও সংশ্লিষ্ট বিমানবন্দরের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ পরিস্থিতি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিমানপথে চলাচল ব্যাহত হলে বিকল্প যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যক্তিগত গাড়ি, ট্রেন ও বাস ব্যবহারের কথাও জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

এস এম/ ১২ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language