জাতীয়

জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ

বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ

ঢাকা, ১২ অক্টোবর- বৈশ্বিক অস্থিরতার কারণে জ্বালানি খাতে তৈরি হওয়া চাপ মোকাবিলা এবং বাড়তি খরচের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা চলছে। দুই পক্ষের মধ্যে একটি কাঠামোগত চুক্তি নিয়েও কাজ চলছে।

সোমবার থাইল্যান্ডে আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভায় অংশ নেওয়ার শুরুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশকে জ্বালানি খাতে বাড়তি খরচ বহন করতে হচ্ছে। এই চাপ সামাল দিতে এক ধরনের আর্থিক সুরক্ষা প্রয়োজন। এ বিষয়ে সহযোগিতা করার ব্যাপারে বিশ্বব্যাংক ইতিবাচক মনোভাব দেখিয়েছে।

ভবিষ্যতেও বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন আমির খসরু। তিনি বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা শুধু বিদ্যমান তহবিলের মধ্যেই সীমাবদ্ধ নয়। বৈশ্বিক অস্থিরতা এবং জ্বালানি খাতের চলমান সংকটের প্রভাব মোকাবিলার জন্যও সহযোগিতা প্রয়োজন। এসব বিষয় নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে কাঠামোগত চুক্তি নিয়ে আলোচনা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়াগত কাজও এগিয়ে চলছে। দুই পক্ষের অংশীদারত্বের আওতায় কীভাবে সহযোগিতাকে আরও কার্যকর করা যায়, তা নিয়েও আলোচনা হচ্ছে।

অর্থমন্ত্রী আরও বলেন, সরকারের ঘোষিত নির্বাচনী ইশতেহারের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে বিশ্বব্যাংকের সঙ্গে চলমান উদ্যোগগুলোর সামঞ্জস্য থাকা গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে দুই পক্ষের মধ্যে সমন্বয় রেখে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা রয়েছে।

এস এম/ ১২ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language