মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে নিরাপত্তা জোরদারে উপসাগরীয় দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান ইউএইর

সংযুক্ত আরব আমিরাত

আবুধাবি,১২ অক্টোবর- মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকা এবং উপসাগরীয় দেশগুলোর ওপর হামলার ঘটনার মধ্যে আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে সবাইকে একসঙ্গে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেছেন, উপসাগরীয় অঞ্চলের সব দেশই এখন হুমকির মধ্যে রয়েছে এবং এক দেশের নিরাপত্তার সঙ্গে অন্য দেশের নিরাপত্তা গভীরভাবে জড়িত।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি উপসাগরীয় দেশগুলোর মধ্যে যৌথ উদ্যোগ আবারও চালু করার ওপর গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে একটি শক্তিশালী সম্মিলিত নিরাপত্তাকাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

আনোয়ার গারগাশ বলেন, উপসাগরীয় আরব দেশগুলোর ওপর হামলার ঘটনা দেখিয়ে দিয়েছে, এ অঞ্চলের কোনো দেশই একা নিরাপদ থাকতে পারে না। তাঁর মতে, যারা যুদ্ধ এড়িয়ে চলতে চেয়েছে, সেই দেশগুলোকে দুর্বল মনে করে হামলাকারীরা ভুল হিসাব করেছে। কিন্তু বাস্তবতা হলো, ‘আমরা সবাই লক্ষ্যবস্তু’ এবং সবার নিরাপত্তা একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত।

সৌদি আরবের ওপর হামলার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের হামলা শুধু সৌদি আরবের নিরাপত্তার ক্ষতি করে না, বরং সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় অঞ্চলের সব দেশের নিরাপত্তাকেও হুমকির মধ্যে ফেলে।

আমিরাতের এই কর্মকর্তা আরও বলেন, উপসাগরীয় দেশগুলোর মধ্যে যৌথ উদ্যোগ আবারও চালু করা জরুরি। বিশেষ করে নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়িয়ে সম্মিলিত নিরাপত্তাব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে।

তাঁর মতে, যৌথ নিরাপত্তা ও প্রতিরক্ষার বিষয়টি দীর্ঘদিন ধরে যথেষ্ট গুরুত্ব পায়নি। এই অবহেলার কারণে অন্য পক্ষগুলো উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে আরও আগ্রাসী পদক্ষেপ নিতে উৎসাহ পেয়েছে।

গারগাশ বলেন, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব। এ ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা বা দেরি করার সুযোগ নেই।

এস এম/ ১২ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language