গাজীপুর

গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

গাজীপুর, ২৭ আগস্ট – গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে দেওলিয়া বাড়ী এলাকার ওই গুদামে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট একযোগে কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দেওলিয়া বাড়ীর ক্লাব মোড় সংলগ্ন একটি ঝুটের গুদামের ভেতর থেকে হঠাৎ কালো ধোঁয়া বের হতে দেখা যায়। গুদামের কর্মচারী ও স্থানীয়রা প্রথমে নিজস্ব উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু মুহূর্তের মধ্যেই আগুনের তীব্রতা বৃদ্ধি পেয়ে চারদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং সারাবো ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ চালিয়ে যাচ্ছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক মোহাম্মদ মামুন জানিয়েছেন যে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নিশ্চিত করা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর বিস্তারিত জানানো সম্ভব হবে।

অগ্নিকাণ্ডের ফলে এলাকাটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

এনএন/ ২৭ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language