কোস্টারিকায় দুই মিনিটের ব্যবধানে জোড়া ভূমিকম্পে ব্যাপক আতঙ্ক

সান হোসে, ২৫ আগস্ট – কোস্টারিকার রাজধানী সান হোসে এবং এর পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে পরপর দুই দফায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় সোমবার গভীর রাতে মাত্র দুই মিনিটের ব্যবধানে এই ভূ-কম্পন দুটি আঘাত হানে।
এতে বিভিন্ন এলাকায় অবকাঠামোগত ক্ষতি ও ভূমিধসের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। দেশটির ন্যাশনাল সিসমোলজিক্যাল নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ১টা ৩৭ মিনিটে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।
এই কম্পনের উৎপত্তিস্থল ছিল রাজধানী সান হোসের কয়েক কিলোমিটার উত্তর পূর্বে করোনাদো এলাকায়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ৭ কিলোমিটার। গভীরতা কম হওয়ায় ওই এলাকায় বেশ জোরালো কম্পন অনুভূত হয়। প্রথম কম্পনের রেশ কাটতে না কাটতেই মাত্র দুই মিনিট পর একই উৎপত্তিস্থল থেকে ৪ দশমিক ৮ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে।
এটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এই কম্পনটির মাত্রা ৪ দশমিক ৯ বলে রেকর্ড করেছে। পরপর দুটি ভূমিকম্পের পর সকালজুড়ে সান হোসেসহ পুরো অঞ্চলে বেশ কয়েকটি মৃদু আফটারশক বা অনুকম্পন অনুভূত হতে থাকে।
এতে বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা কমিশন জানিয়েছে, এখন পর্যন্ত কোনো প্রাণহানির তথ্য পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের প্রভাবে একটি গুরুত্বপূর্ণ সড়কে ভূমিধস ঘটেছে এবং বেশ কিছু ভবনে ফাটল ও সামান্য ক্ষতি শনাক্ত করা হয়েছে। কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্ত এলাকার সড়ক পুনর্নির্মাণে কাজ শুরু করেছে।
এস এম/ ২৫ আগস্ট ২০২৬







