
স্কারবরো সাউথওয়েস্টের উপনির্বাচনে ভোটের দিন যত এগিয়ে আসছে, লড়াইয়ের ছবিও তত বদলাচ্ছে। মার্চের জনমত জরিপে এনডিপির চেয়ে ২৪ পয়েন্ট এগিয়ে ছিল অন্টারিও লিবারেল পার্টি। কিন্তু ১৯ আগস্ট প্রকাশিত সর্বশেষ নির্বাচনী প্রক্ষেপণে সেই অবস্থান পুরোপুরি উল্টে গেছে। এখন লিবারেল প্রার্থী আহসানুল হাফিজের চেয়ে প্রায় ১১ পয়েন্ট এগিয়ে রয়েছেন এনডিপি প্রার্থী ফাতিমা শাবান। তৃতীয় স্থানে রয়েছেন পিসি প্রার্থী ডা. এ এস এম নুরুল্লাহ তরুণ।
কানাডার নির্বাচনী তথ্য বিশ্লেষণ ও পূর্বাভাসবিষয়ক প্ল্যাটফর্ম Canada Projections-এর ১৯ আগস্ট প্রকাশিত মডেল অনুযায়ী, ফাতিমা শাবান ৪০ দশমিক ৫৬ শতাংশ ভোট পেতে পারেন। আহসানুল হাফিজের সম্ভাব্য ভোট ২৯ দশমিক ৫২ শতাংশ। পিসি প্রার্থী ডা. এ এস এম নুরুল্লাহ তরুণকে রাখা হয়েছে ২৪ দশমিক ৭৬ শতাংশে। গ্রিন পার্টির মার্ক বেকারিংয়ের সম্ভাব্য ভোট ৩ দশমিক ২৯ শতাংশ।
উল্লেখ্য, Canada Projections এর আগেও ফেডারেল, প্রাদেশিক, পৌর ও উপনির্বাচন নিয়ে প্রক্ষেপণ প্রকাশ করেছে। বিভিন্ন প্রতিষ্ঠানের জনমত জরিপ, অতীত নির্বাচনের ফল এবং নির্বাচনী প্রবণতা বিশ্লেষণের ভিত্তিতে তারা সম্ভাব্য ভোটের হার ও জয়ের সম্ভাবনার হিসাব প্রকাশ করে।
মডেলটির হিসাবে আসনটি জয়ের সম্ভাবনায় ফাতিমা অনেক এগিয়ে। তাঁর জয়ের সম্ভাবনা দেখানো হয়েছে ৮৬ শতাংশ। আহসানুল হাফিজের জয়ের সম্ভাবনা ১৩ শতাংশ এবং নুরুল্লাহ তরুণের ২ শতাংশ। (শতাংশগুলো নিকটতম পূর্ণসংখ্যায় প্রকাশ করায় যোগফল ১০১ শতাংশ হয়েছে।)
তবে Canada Projections-এর এই হিসাব কোনো সরাসরি জনমত জরিপ নয়। অতীতের নির্বাচনী ফলাফল, সাম্প্রতিক রাজনৈতিক প্রবণতা, প্রাদেশিক জনমত জরিপ, দলগুলোর অবস্থান এবং অন্যান্য নির্বাচনী তথ্য বিশ্লেষণ করে মডেলটি সম্ভাব্য ভোট ও জয়ের হিসাব দিয়েছে।
স্কারবরো সাউথওয়েস্ট নিয়ে সর্বশেষ সরাসরি জনমত জরিপ করেছিল Mainstreet Research। ৪৬৪ জন বাসিন্দার ওপর পরিচালিত জরিপটির ফল ৩ মার্চ প্রকাশ করা হয়। তাতে লিবারেল পার্টির সমর্থন ছিল ৪৩ শতাংশ, পিসির ২৯ শতাংশ এবং এনডিপির ১৯ শতাংশ। জরিপে অংশগ্রহণকারীদের ২২ শতাংশ তখনো সিদ্ধান্ত নেননি।
সেই জরিপটি হয়েছিল প্রার্থীদের নাম চূড়ান্ত হওয়ার আগে এবং আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরুর কয়েক মাস পূর্বে। এরপর রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই বদলেছে। ফাতিমা শাবান এনডিপির প্রার্থী হয়েছেন, আহসানুল হাফিজ লিবারেল প্রার্থিতা পেয়েছেন এবং পিসি পার্টি ডা. নুরুল্লাহ তরুণকে মাঠে নামিয়েছে।
আরেকটি নির্বাচনী মডেল 338Canada-ও স্কারবরো সাউথওয়েস্টকে এনডিপির সম্ভাব্য আসন হিসেবে দেখিয়েছে। ৭ আগস্টের প্রক্ষেপণে এনডিপির সম্ভাব্য ভোট ছিল প্রায় ৪৪ শতাংশ এবং পিসির ২৮ শতাংশ। সেই মডেলে লিবারেল পার্টি ছিল তৃতীয় স্থানে। প্রতিষ্ঠানটি আসনটিকে ‘Likely NDP’ হিসেবে চিহ্নিত করেছে।
Canada Projections এবং 338Canada-এর হিসাবে দ্বিতীয় ও তৃতীয় অবস্থান নিয়ে পার্থক্য রয়েছে। প্রথম মডেলটি লিবারেল প্রার্থী আহসানুল হাফিজকে দ্বিতীয় স্থানে রেখেছে, আর 338Canada-এর ৭ আগস্টের প্রক্ষেপণে দ্বিতীয় স্থানে ছিল পিসি। তবে দুটি মডেলই এনডিপিকে এগিয়ে রেখেছে। ফলে ফাতিমা শাবান এগিয়ে থাকলেও তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী কে, সে বিষয়ে দুই প্রক্ষেপণে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে।
২০২৫ সালের প্রাদেশিক নির্বাচনে তৎকালীন এনডিপি প্রার্থী ডলি বেগম এই আসনে ৪২ দশমিক ৮৯ শতাংশ ভোট পেয়েছিলেন। পিসি প্রার্থী পেয়েছিলেন ৩০ দশমিক ৬৫ শতাংশ এবং লিবারেল প্রার্থী ২২ দশমিক ৯৪ শতাংশ। ডলি বেগম পরে এনডিপি ছেড়ে ফেডারেল লিবারেল প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হয়।
এবার সেই পুরোনো এনডিপি ভোট ধরে রাখাই ফাতিমা শাবানের প্রধান চ্যালেঞ্জ। অন্যদিকে আহসানুল হাফিজের সামনে রয়েছে ফেডারেল নির্বাচনে ডলি বেগমের পক্ষে তৈরি হওয়া বিপুল লিবারেল সমর্থনের একটি অংশ প্রাদেশিক নির্বাচনে নিয়ে আসার পরীক্ষা। নুরুল্লাহ তরুণ চেষ্টা করছেন গত প্রাদেশিক নির্বাচনে পিসির পাওয়া প্রায় ৩১ শতাংশ ভোট ধরে রেখে নতুন সমর্থন যোগ করতে।
বর্তমান প্রক্ষেপণ ফাতিমাকে এগিয়ে রাখলেও লড়াই শেষ হয়ে যায়নি। সর্বশেষ মডেলে তাঁর সম্ভাব্য ভোট ৪১ শতাংশের নিচে, আর তাঁর প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর সম্মিলিত সম্ভাব্য ভোট ৫৪ শতাংশের বেশি। এনডিপিবিরোধী ভোট লিবারেল ও পিসির মধ্যে ভাগ হয়ে যাওয়ায় ফাতিমা সুবিধাজনক অবস্থানে রয়েছেন। কিন্তু নির্বাচনের দিন কোনো একটি দলের ভোটার উপস্থিতির হার প্রত্যাশার চেয়ে বেশি বা কম হলে ব্যবধান দ্রুত বদলে যেতে পারে। ৩ সেপ্টেম্বর রাতেই জানা যাবে, প্রক্ষেপণটি বাস্তব ফলের কতটা কাছাকাছি ছিল।
তথ্যসূত্র:
Canada Projections
Mainstreet Research
338Canada









