সিলেটে ট্রিপল মার্ডার: ১৬৪ ধারায় জবানবন্দি দিচ্ছেন বাবুল মিয়া

সিলেট, ২০ আগস্ট – সিলেট মহানগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার নিকুঞ্জ ভিলায় সংঘটিত চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার অন্যতম অভিযুক্ত বাবুল মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন। চারদিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালতে তাকে হাজির করা হয়।
সেখানে সে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি প্রদানের আগ্রহ প্রকাশ করে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানিয়েছেন, আদালতের খাস কামরায় বিকেল সোয়া ৪টা থেকে ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানা বাবুলের জবানবন্দি রেকর্ড করা শুরু করেন।
এর আগে দুপুর ১টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অভিযুক্ত বাবুলকে আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়। উল্লেখ্য, গত ১২ আগস্ট রায়নগর মিতালি আবাসিক এলাকার নিজ বাসায় আওয়ামী লীগ নেতা ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক এম এ সাত্তার, তাঁর স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহকর্মী তাহমিনাকে নৃশংসভাবে হত্যা করা হয়।
ঘটনার দিনই পুলিশ বাবুল মিয়া নামের ওই শ্রমজীবীকে আটক করে। গত রবিবার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। রিমান্ড শেষে আজ তাকে আদালতে সোপর্দ করা হয়।
এস এম/ ২০ আগস্ট ২০২৬









