মিরপুরে ভারী বৃষ্টিতে তীব্র জলাবদ্ধতা, চরম দুর্ভোগে নগরবাসী

ঢাকা, ২০ আগস্ট – রাজধানীর মিরপুর এলাকায় বৃহস্পতিবার দুপুরের পর হঠাৎ শুরু হওয়া ভারী বৃষ্টিতে মিরপুর ১০ নম্বর এবং কাজীপাড়ার প্রধান সড়কসহ আশপাশের বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে গন্তব্যে পৌঁছাতে গিয়ে চরম বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ ও নিম্নআয়ের পেশাজীবীরা।
জলাবদ্ধতার ফলে সড়কগুলোতে দীর্ঘ যানজট তৈরি হওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল। সরেজমিনে দেখা গেছে, মূল সড়কের পাশে পার্ক করে রাখা অনেক যানবাহনের অর্ধেকেরও বেশি অংশ পানিতে তলিয়ে আছে। বিশেষ করে কাজীপাড়া ও মিরপুর ১০ নম্বর এলাকায় অসংখ্য মোটরসাইকেল প্রায় সম্পূর্ণ পানির নিচে ডুবে গেছে।
এই পরিস্থিতির কারণে সড়কে গণপরিবহনের তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে এবং অনেক ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী রিয়াজ জানান, ড্রেনেজ ব্যবস্থার ত্রুটির কারণে সামান্য বৃষ্টিতেই এই এলাকায় পানি জমে যায়।
দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে জনদুর্ভোগ আরও বাড়বে। কেনাকাটা করতে আসা নাসরিন বেগম নামে এক পথচারী জানান, প্রয়োজনীয় জিনিসপত্র কিনে শোরুম থেকে বের হয়েই দেখেন রাস্তা পানিতে একাকার। দীর্ঘক্ষণ চেষ্টা করেও কোনো যানবাহন না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন তিনি।
এস এম/ ২০ আগস্ট ২০২৬









