দক্ষিণ এশিয়া

ফিলিস্তিনে ২০০ শয্যার সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণ করবে ভারত

দিল্লি, ২০ আগস্ট – ভারত ও ফিলিস্তিনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ফিলিস্তিনে একটি ২০০ শয্যাবিশিষ্ট ‘ইন্ডিয়ান সুপার স্পেশালিটি হাসপাতাল’ নির্মাণ করা হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব শ্রীপ্রিয়া রঙ্গনাথন সম্প্রতি ফিলিস্তিন সফর করেন।

তার এই সফরের সময়েই হাসপাতাল নির্মাণের চুক্তিটি চূড়ান্ত করা হয়। হাসপাতাল নির্মাণের পাশাপাশি ফিলিস্তিনের প্রিন্টিং খাতের আধুনিকায়ন ও উন্নয়নে কারিগরি সহায়তা প্রদানের বিষয়েও একটি সমঝোতা হয়েছে। ভারতে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত আবদুল্লাহ আবু শাওয়েশ ভারতের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

তিনি এক বিবৃতিতে বলেন যে ফিলিস্তিনের স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নে ভারতের এই নিরবচ্ছিন্ন সহযোগিতা দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বেরই প্রতিফলন।

এই দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ হিসেবে ২০২৮ ২৯ মেয়াদের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে ভারতের প্রার্থিতাকে পূর্ণ সমর্থন দিয়েছে ফিলিস্তিন। স্বাস্থ্য ও কারিগরি শিক্ষার পাশাপাশি কূটনৈতিক ক্ষেত্রেও এই সহযোগিতা দুই দেশের বন্ধনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

এস এম/ ২০ আগস্ট ২০২৬

Back to top button
🌐 Read in Your Language