জাতীয়

সরকারি হাসপাতালের সামনে বন্ধ হচ্ছে নতুন ক্লিনিকের অনুমোদন: স্বাস্থ্যমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি

মুন্সীগঞ্জ, ২২ সেপ্টেম্বর – দেশের স্বাস্থ্যসেবা খাতে শৃঙ্খলা ফেরাতে এবং সাধারণ রোগীদের হয়রানি বন্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সরকারি কোনো হাসপাতালের সামনে নতুন করে কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন আর দেওয়া হবে না। এ কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এ সিদ্ধান্তের কথা জানান।

বিগত সরকারের আমলের স্বাস্থ্য ব্যবস্থাপনার সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “অতীতে রাজনৈতিক প্রভাবে অনিয়ন্ত্রিত ও অনুমোদনহীনভাবে ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হয়েছে।”

লাইসেন্স বাতিলের হুশিয়ারি: বর্তমানে অনুমোদিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর প্রতি কড়া বার্তা দিয়ে মন্ত্রী বলেন, “যেসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স বা অনুমোদন রয়েছে, তারা যদি সরকারের নির্ধারিত নিয়ম ও মানদণ্ড অনুযায়ী চিকিৎসা কার্যক্রম পরিচালনা না করে, তবে তাদের লাইসেন্স তাৎক্ষণিকভাবে বাতিল ও প্রতিষ্ঠান চিরতরে বন্ধ করে দেওয়া হবে।”

এসময় মুন্সীগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথীসহ স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ চিকিৎসক ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ।

স্বাস্থ্যমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন ও কঠোর ঘোষণায় সাধারণ রোগীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা করছেন, এর ফলে সরকারি হাসপাতালে দালালচক্র ও প্রাইভেট ক্লিনিকের দৌরাত্ম্য বন্ধ হবে।

এনএন/ ২২ সেপ্টেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language