ইরান যুদ্ধের লক্ষ্য থেকে পিছু হটছে ট্রাম্প প্রশাসন: ভ্যান্সের বক্তব্যে নতুন ইঙ্গিত

ওয়াশিংটন, ১৬ আগস্ট – ইরানের সঙ্গে চলমান সংঘাতে নিজেদের ঘোষিত লক্ষ্যগুলো থেকে ধাপে ধাপে সরে আসছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। যুদ্ধের শুরুতে তেহরানের পূর্ণ আত্মসমর্পণ এবং শাসনব্যবস্থা পরিবর্তনের মতো কঠোর অবস্থানের কথা বলা হলেও বর্তমানে সেই লক্ষ্যমাত্রা সংকুচিত হয়ে আসছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্যে এই কৌশলগত পরিবর্তনের বিষয়টি স্পষ্টভাবে ফুটে উঠেছে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স জানান, বর্তমানে ওয়াশিংটনের প্রধান লক্ষ্য হলো বিশ্ববাজারে তেল ও গ্যাসের সরবরাহ স্বাভাবিক রেখে অভ্যন্তরীণ জ্বালানি মূল্য স্থিতিশীল রাখা। দ্বিতীয় লক্ষ্য হিসেবে তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার কথা উল্লেখ করেন।
এই বক্তব্যে দেখা যাচ্ছে যে, পারমাণবিক কর্মসূচি বন্ধের চেয়েও জ্বালানির বাজারকে এখন বেশি গুরুত্ব দিচ্ছে হোয়াইট হাউস। যদিও যুদ্ধের শুরুতে ট্রাম্প নিজেই জ্বালানি মূল্যের বিষয়টিকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছিলেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট অবশ্য দাবি করেছেন যে, প্রেসিডেন্টের কাছে দুটি লক্ষ্যই সমান গুরুত্বপূর্ণ।
বিশ্লেষকদের মতে, যুদ্ধের গত ছয় মাসে পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে মার্কিন প্রশাসন তাদের নীতিমালায় পরিবর্তন আনছে। মার্চের দিকে যেখানে ইরানের প্রক্সি গোষ্ঠীগুলোর অর্থায়ন বন্ধ বা ক্ষেপণাস্ত্র অবকাঠামো ধ্বংসের কথা বলা হয়েছিল, বর্তমানে সেই লক্ষ্যগুলো অনেকটাই স্তিমিত।
এখন ট্রাম্প প্রশাসনের অবস্থান দেখে মনে হচ্ছে যে, তারা যুদ্ধ শুরুর আগের পরিস্থিতির মতো জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে পারলেই একে সাফল্য হিসেবে গণ্য করবে। সূত্র মারফত জানা গেছে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও ট্রাম্পের বক্তব্যে নমনীয়তার আভাস পাওয়া যাচ্ছে।
এস এম/ ১৬ আগস্ট ২০২৬









