টুইট বা রণতরী দিয়ে হরমুজ প্রণালী দখল সম্ভব নয়: ইরান

তেহরান, ১৫ আগস্ট – হরমুজ প্রণালী দখল করার সামর্থ্য কারো নেই এবং এটি কোনো টুইট, রণতরী কিংবা নির্বাচনী ভাষণের মাধ্যমে সম্ভব নয় বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক হুমকির প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ এই প্রতিক্রিয়া জানান তিনি।
ঘরিবাবাদী তার বার্তায় উল্লেখ করেন, ইরান আমেরিকার কোনো হুমকি বা সামরিক শক্তির প্রদর্শনীতে বিন্দুমাত্র বিচলিত নয়। তিনি সাফ জানিয়ে দেন যে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটি উন্মুক্ত রাখা বা বন্ধ করার বিষয়টি সম্পূর্ণভাবে ইরানের নিজস্ব এখতিয়ার এবং সার্বভৌম সিদ্ধান্তের ওপর নির্ভর করে।
ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার হুমকি দিয়েছিলেন, যার পরিপ্রেক্ষিতে তেহরানের পক্ষ থেকে এই কড়া জবাব দেয়া হয়েছে।
এস এম/ ১৫ আগস্ট ২০২৬









