চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ১৫ আগস্ট – দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন শেষে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি রোগ শনাক্ত করতে সহায়ক ভূমিকা পালন করতে পারে, তবে রোগীর সেবায় চিকিৎসকদের মানবিক আচরণের কোনো বিকল্প নেই। তিনি চিকিৎসক, রোগী এবং তাদের উদ্বিগ্ন স্বজনদের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্মানের সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
দেশের শিশুস্বাস্থ্যের উন্নয়নে সরকারের বিশেষ নজর দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, আগামী অক্টোবর মাসে পাঁচটি বিশেষায়িত হাসপাতাল উদ্বোধন করা হবে। তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতের সার্বিক সাফল্য সংশ্লিষ্ট প্রতিটি ব্যক্তির নিষ্ঠা ও ভূমিকার ওপর নির্ভর করে।
এর আগে প্রধানমন্ত্রী ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের নতুন ভবনের ফলক উন্মোচন করেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন। অনুষ্ঠান শেষে তিনি হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ও বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান।
এস এম/ ১৫ আগস্ট ২০২৬









