সম্পাদকের পাতা

অন্টারিওর তিন আসনে উপনির্বাচন ৩ সেপ্টেম্বর

নজরুল মিন্টো

অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড বুধবার স্কারবোরো সাউথওয়েস্ট, ইয়র্ক–সিমকো এবং হ্যামিল্টন ইস্ট–স্টোনি ক্রিক আসনে আগামী ৩ সেপ্টেম্বর উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। সাবেক এনডিপি এমপিপি ডলি বেগম এবং প্রগ্রেসিভ কনজারভেটিভ সরকারের সাবেক দুই মন্ত্রী ক্যারোলিন মুলরোনি ও নিল লামসডেনের পদত্যাগে আসন তিনটি শূন্য হয়। অগ্রিম ভোট গ্রহণ করা হবে ২৬ থেকে ২৮ আগস্ট। ২০১৩ সালের ১ আগস্ট একই দিনে পাঁচটি প্রাদেশিক উপনির্বাচনের পর অন্টারিওতে এবারই প্রথম এক দিনে তিনটি আসনে ভোট হতে যাচ্ছে।

উপনির্বাচন তিনটি, তবে রাজনৈতিক কৌতূহলের কেন্দ্র স্কারবোরো সাউথওয়েস্ট। এই আসনের ফল শুধু নতুন একজন প্রাদেশিক আইনসভার সদস্য, অর্থাৎ এমপিপি নির্ধারণ করবে না; একই সঙ্গে ডাগ ফোর্ড সরকারের সাম্প্রতিক বিতর্কের প্রভাব, লিবারেলদের ঘুরে দাঁড়ানোর শক্তি এবং ডলি বেগমকে ছাড়াই এনডিপির পুরোনো ঘাঁটি ধরে রাখার ক্ষমতা যাচাই করবে।

ফোর্ডের তৃতীয় মেয়াদের সরকার এমন সময়ে ভোটারদের সামনে যাচ্ছে, যখন ২ কোটি ৮৯ লাখ ডলার ব্যয়ে সরকারি বিমান কেনা এবং সমালোচনার মুখে সেটি বিক্রির সিদ্ধান্ত, বিলি বিশপ টরন্টো সিটি এয়ারপোর্ট সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে টানাপোড়েন এবং পিসি এমপিপিদের হোটেল ব্যয় নিয়ে বিতর্ক সরকারের ভাবমূর্তিতে চাপ তৈরি করেছে। হোটেল ব্যয়ের ঘটনায় পর্যটনমন্ত্রী স্ট্যান চোর পদত্যাগ সেই চাপ আরও বাড়িয়েছে।

নির্বাচনী হাওয়া কখন কোন দিকে মোড় নেয়, তা আগাম বলা কঠিন। স্কারবোরো সাউথওয়েস্ট নিয়ে মনোনয়নপর্বের আগে প্রকাশিত স্থানীয় জরিপ ও পূর্বাভাসগুলো একেক রকম আভাস দিয়েছিল। এর মধ্যে ৪ আগস্ট প্রকাশিত কানাডার জনমত গবেষণা প্রতিষ্ঠান অ্যাবাকাস ডেটার প্রদেশব্যাপী জরিপ নতুন হিসাব সামনে এনেছে। দুই সপ্তাহের ব্যবধানে ক্ষমতাসীন প্রগ্রেসিভ কনজারভেটিভ পার্টির সমর্থন ৪২ শতাংশ থেকে কমে ৪০ শতাংশ হয়েছে। একই সময়ে লিবারেলদের সমর্থন ৩০ থেকে বেড়ে ৩২ শতাংশ এবং এনডিপির সমর্থন ১৯ থেকে বেড়ে ২১ শতাংশে দাঁড়িয়েছে। গ্রিন পার্টির সমর্থন পাঁচ শতাংশ থেকে কমে তিন শতাংশ হয়েছে। ফলে লিবারেলদের ওপর পিসিদের ব্যবধান ১২ শতাংশ পয়েন্ট থেকে কমে আট শতাংশ পয়েন্টে দাঁড়িয়েছে।

জরিপটি ২৩ থেকে ২৯ জুলাই পর্যন্ত অন্টারিওর এক হাজার যোগ্য ভোটারের ওপর অনলাইনে পরিচালিত হয়। আগের ও বর্তমান জরিপে একই ব্যক্তিদের মতামত নেওয়া হয়নি; দুটি আলাদা নমুনার ফল তুলনা করা হয়েছে।

দলীয় সমর্থনের তুলনায় ফোর্ডের ব্যক্তিগত ভাবমূর্তি আরও দুর্বল। জরিপে ৩৪ শতাংশ উত্তরদাতা তাঁকে ইতিবাচকভাবে দেখেছেন, আর ৪৫ শতাংশের ধারণা নেতিবাচক। ইতিবাচক মতের হার থেকে নেতিবাচক মতের হার বাদ দিলে যে ফল পাওয়া যায়, সেটিই নিট গ্রহণযোগ্যতা। সে হিসাবে ফোর্ডের নিট গ্রহণযোগ্যতা ঋণাত্মক ১১ শতাংশ পয়েন্ট। অর্থাৎ তাঁকে ইতিবাচকভাবে দেখেন এমন মানুষের তুলনায় নেতিবাচকভাবে দেখেন এমন মানুষের হার ১১ শতাংশ পয়েন্ট বেশি। আগের জরিপে এই ব্যবধান ছিল ঋণাত্মক ৯ শতাংশ পয়েন্ট।

তবে প্রদেশজুড়ে জনসমর্থনের এই হিসাব সরাসরি স্কারবোরো সাউথওয়েস্টের ফল বলে দেয় না। এখানে দলীয় অবস্থানের পাশাপাশি প্রার্থীদের পরিচিতি, স্থানীয় প্রচার, ভোটারদের সঙ্গে যোগাযোগ এবং স্থানীয় সমস্যার সঙ্গে তাঁদের সম্পৃক্ততা ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে।

প্রগ্রেসিভ কনজারভেটিভ প্রার্থী ডা. নূর তরুন তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি মনোনয়ন নির্বাচনে জয়ী হয়ে প্রার্থী হয়েছেন। গ্রেটার টরন্টো এলাকায় একাধিক মেডিকেল ক্লিনিক পরিচালনাকারী এই চিকিৎসক ২০২৫ সালের ফেডারেল নির্বাচনে একই আসনে কনজারভেটিভ পার্টির প্রার্থী ছিলেন। সে নির্বাচনে তিনি ৩০ দশমিক ৬ শতাংশ ভোট পাওয়ায় এলাকার ভোটারদের কাছে তাঁর নাম একেবারে নতুন নয়।

মনোনয়নে বড় ব্যবধানের জয় তরুনের পক্ষে সক্রিয় দলীয় সংগঠনের ইঙ্গিত দেয়। তবে মূল নির্বাচনে তাঁকে ফোর্ড সরকারের সাম্প্রতিক বিতর্কের প্রভাবও সামলাতে হবে। চিকিৎসক পরিচয় এবং স্বাস্থ্যসেবার সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা তাঁকে বাড়তি পরিচিতি দিতে পারে। এখন দেখার বিষয়, তিনি সেই পরিচিতিকে কতটা সাধারণ ভোটে রূপ দিতে পারেন।

লিবারেল প্রার্থী আহসানুল হাফিজ রাজনীতিতে নতুন হলেও মনোনয়নপর্বেই বড় চমক দেখিয়েছেন। পিৎজা ব্যবসায়ী হাফিজ সাবেক ফেডারেল এমপি নেট এরস্কিন-স্মিথকে ১৯ ভোটে হারিয়ে মনোনয়ন পান। এই জয় তাঁকে আলোচনায় এনেছে; কিন্তু সাধারণ ভোটে জিততে হলে দলীয় সদস্যদের বৃত্ত পেরিয়ে বৃহত্তর ভোটারগোষ্ঠীর কাছে পৌঁছাতে হবে।

হাফিজের পক্ষে সবচেয়ে বড় সম্ভাব্য সুবিধা হতে পারে ডলি বেগমের প্রকাশ্য সমর্থন। গত ফেডারেল উপনির্বাচনে প্রাদেশিক লিবারেল এমপিপিরা ডলির পক্ষে মাঠে নেমেছিলেন। অন্তর্বর্তী নেতা জন ফ্রেজার এবার ডলির কাছ থেকেও হাফিজের পক্ষে একই সহযোগিতা আশা করছেন। ডলি প্রকাশ্যে প্রচারে নামলে তাঁর ব্যক্তিগত জনপ্রিয়তা ও স্থানীয় সংগঠন লিবারেল প্রার্থীকে অনেকটা এগিয়ে দিতে পারে।

এনডিপির ফাতিমা শাবান স্থানীয় ভাড়াটেদের অধিকার আন্দোলনের পরিচিত মুখ। ২০১৮ সাল থেকে আসনটিতে দলটির যে ভিত্তি তৈরি হয়েছে, সেটিই তাঁর বড় ভরসা। তবে গত এপ্রিলের ফেডারেল উপনির্বাচনে তাঁর পাওয়া ৫ দশমিক ৯ শতাংশ ভোট প্রতিদ্বন্দ্বীরা সামনে আনবেন। ফেডারেল ও প্রাদেশিক নির্বাচনের চরিত্র আলাদা হলেও শাবানকে দেখাতে হবে, আসনটির এনডিপি সমর্থন শুধু ডলি বেগমকে ঘিরে গড়ে ওঠেনি। ডলির সমর্থকদের একটি অংশ লিবারেলদের দিকে গেলে হাফিজের পাশাপাশি তরুনও কিছুটা লাভবান হতে পারেন।

গ্রিন পার্টির প্রার্থী সাবেক পৌর কর্মকর্তা মার্ক বেকারিং। তবে বর্তমান সমীকরণে মূল লড়াই পিসি, লিবারেল ও এনডিপির মধ্যে সীমাবদ্ধ।

এবারের ভোটে স্থানীয় বাংলাদেশি-কানাডীয় সম্প্রদায়ের উপস্থিতিও বিশেষভাবে আলোচনায় এসেছে। ডা. নূর তরুন ও আহসানুল হাফিজ দুজনই এই সম্প্রদায়ের সদস্য; বিদায়ী এমপিপি ডলি বেগমও বাংলাদেশি বংশোদ্ভূত। তবে একই সম্প্রদায় থেকে দুই প্রার্থী থাকায় পরিচয়ের ভিত্তিতে ভোট একদিকে জমা হওয়ার সম্ভাবনা কম। শেষ পর্যন্ত স্বাস্থ্যসেবা, বাড়িভাড়া, দ্রব্যমূল্য, গণপরিবহন, জননিরাপত্তা এবং এলাকার সঙ্গে প্রার্থীদের সম্পর্কই ভোটারদের সিদ্ধান্তে বেশি প্রভাব ফেলতে পারে।

অন্য দুই আসনের সমীকরণ তুলনামূলকভাবে সরল। পিসিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ইয়র্ক–সিমকোতে দলটির সুসান লাহির বিরুদ্ধে লিবারেল নাওমি ডেভিসনসহ অন্য প্রার্থীরা লড়ছেন। হ্যামিল্টন ইস্ট–স্টোনি ক্রিকে সাবেক এনডিপি এমপিপি মনিক টেইলরের প্রাদেশিক রাজনীতিতে ফিরে আসা প্রতিযোগিতায় বাড়তি আগ্রহ তৈরি করেছে। তবে তিন আসনের মধ্যে সবচেয়ে আলোচিত লড়াইটি হতে যাচ্ছে স্কারবোরো সাউথওয়েস্টে।

৩ সেপ্টেম্বরের ফল ফোর্ড সরকারের সংখ্যাগরিষ্ঠতা বিপন্ন করবে না। কিন্তু অন্টারিওর রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা দেবে। ইয়র্ক–সিমকো ধরে রাখা পিসির জন্য স্বাভাবিক সাফল্য হিসেবে দেখা হবে। হ্যামিল্টনের ফল জানাবে এনডিপি তার পুরোনো শক্তি কতটা ফিরিয়ে আনতে পেরেছে। আর স্কারবোরো সাউথওয়েস্ট বলবে, ফোর্ড সরকারের বিরুদ্ধে জমে ওঠা অসন্তোষ কতটা ভোটের বাক্সে পৌঁছেছে, লিবারেলদের উত্থান কতটা বাস্তব এবং ডলি বেগমকে ছাড়াই এনডিপি তার ঘাঁটি ধরে রাখতে পারে কি না।

তথ্যসূত্র:
CityNews Toronto, August 5, 2026
Abacus Data, August 4, 2026


Back to top button
🌐 Read in Your Language