মধ্যপ্রাচ্য

হুমকি মোকাবিলায় কঠোর জবাব দিতে প্রস্তুত আইআরজিসি

তেহরান, ৪ আগস্ট – ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) স্থলবাহিনীর কমান্ডার মোহাম্মদ কারামি জানিয়েছেন, দেশের উত্তর পশ্চিমাঞ্চলে মোতায়েন করা নিরাপত্তা বাহিনী যে কোনো ধরনের হুমকি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি উল্লেখ করেন, আঞ্চলিক শত্রু বা সন্ত্রাসী গোষ্ঠীর যে কোনো ভুল পদক্ষেপের কঠোর ও দ্রুত জবাব দিতে প্রস্তুত আইআরজিসির হামজেহ সাইয়্যেদ আল শোহাদা সদর দপ্তরের অধীন যোদ্ধারা। কারামি আরও দাবি করেন, উন্নত গোয়েন্দা তথ্য, আধুনিক প্রযুক্তি এবং বিশেষায়িত বৈজ্ঞানিক সক্ষমতা ব্যবহারের মাধ্যমে তাদের বাহিনীকে বহুগুণ শক্তিশালী করা হয়েছে।

অন্যদিকে বর্তমান প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা চলছে না বলে স্পষ্ট জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি জানান, বর্তমানে শুধুমাত্র ওমানের সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা ইস্যুতে আলোচনা চালিয়ে যাচ্ছে তেহরান। বাঘেই জোর দিয়ে বলেন, ওমানের সঙ্গে এই সংলাপে কোনো তৃতীয় পক্ষ অংশ নিচ্ছে না।

যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়ন বা ওয়াশিংটন সংক্রান্ত অন্যান্য অমীমাংসিত বিষয়গুলো পরিস্থিতির ওপর নির্ভর করে পরবর্তী সময়ে বিবেচনা করা হবে বলে তিনি মন্তব্য করেন।

এনএন/ ৪ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language