মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রধান মধ্যস্থতাকারী পাকিস্তান: তেহরান

তেহরান, ৪ আগস্ট – যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ যোগাযোগ এবং আলোচনায় পাকিস্তানই প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে বলে জানিয়েছে ইরান। একই সাথে দেশটি স্পষ্ট করেছে যে, চীন এই প্রক্রিয়ায় সহযোগিতা করলেও তারা পাকিস্তানের স্থলাভিষিক্ত হয়ে নতুন কোনো মধ্যস্থতাকারী হিসেবে যুক্ত হয়নি।

ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনা হ্রাসে নতুন কূটনৈতিক তৎপরতার প্রেক্ষাপটে তেহরান এই অবস্থান ব্যক্ত করল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি উল্লেখ করেন যে, তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ কূটনৈতিক যোগাযোগ বজায় রাখতে পাকিস্তান ধারাবাহিকভাবে বিভিন্ন প্রস্তাব ও বার্তা আদান-প্রদান করছে। এছাড়া আঞ্চলিক নিরাপত্তা এবং বিশ্বের গুরুত্বপূর্ণ তেলের নৌপথ হরমুজ প্রণালি সংক্রান্ত আলোচনায় কাতার ও ওমানও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বাঘাই জানান, চীনের সাথে ইরানের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান এবং বিভিন্ন আঞ্চলিক বিষয়ে বেইজিংয়ের সাথে তেহরানের মতৈক্য রয়েছে। তবে চীন কেবল অন্যান্য দেশের মতোই এই প্রক্রিয়ায় সহযোগিতা করছে। মধ্যস্থতাকারী হিসেবে মূলত পাকিস্তান ও প্রয়োজনে কাতার কাজ করছে।

এদিকে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সাইয়্যেদ আসিম মুনির এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে এই আলাপচারিতা অনুষ্ঠিত হয়।

এছাড়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলে তাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বিগত এপ্রিলে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের যোগাযোগের পর থেকে পাকিস্তানের ভূমিকা আরও জোরালো হয়েছে।

এর ধারাবাহিকতায় জুনে ইসলামাবাদ সমঝোতা স্মারক সই হয় এবং সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হয়। বর্তমানে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি কোনো আলোচনা না হলেও ওমানের মাধ্যমে হরমুজ প্রণালিতে নিরাপদ নৌপথ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে তেহরান।

এস এম/ ৪ আগস্ট ২০২৬


Back to top button