যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশিদের আর্থিক সামর্থ্য নিশ্চিতের পরামর্শ মার্কিন দূতাবাসের

ঢাকা, ৪ আগস্ট – যুক্তরাষ্ট্র ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা ও নির্দেশনা প্রদান করেছে ঢাকার মার্কিন দূতাবাস। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করার সময় পর্যটকদের পর্যাপ্ত আর্থিক সামর্থ্য নিশ্চিত করতে হবে।
এর মধ্যে ভ্রমণের সময় কোনো অনাকাঙ্ক্ষিত বিঘ্ন ঘটা কিংবা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির ব্যয়ভার বহনের সক্ষমতা অন্তর্ভুক্ত থাকতে হবে। সোমবার দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়।
এতে আরও উল্লেখ করা হয় যে, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত জনসেবা বা সুযোগ সুবিধার অপব্যবহার করা হলে তার জন্য স্থায়ী পরিণতি ভোগ করতে হতে পারে।
এই ধরনের অনিয়মের কারণে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজ করার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি অযোগ্য বলে বিবেচিত হতে পারেন। মূলত ভ্রমণকালীন যাবতীয় খরচ নিজের তহবিল থেকে মেটানোর সক্ষমতা প্রমাণের ওপর জোর দিয়েছে দূতাবাস।
এস এম/ ৪ আগস্ট ২০২৬









