ইরানে যুক্তরাষ্ট্রের সীমিত স্থল হামলার আশঙ্কা পাকিস্তানের গোয়েন্দাদের

তেহরান, ২৮ জুলাই – ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র সীমিত আকারে স্থল হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো। ব্যাপক হতাহতের ঝুঁকি থাকা সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক সতর্কতা উপেক্ষা করে ইরানের উপকূলীয় অঞ্চল দখলের জন্য সেনা পাঠাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
জার্মান বার্তাসংস্থা ডয়েচে প্রেস এজেন্সিকে পাকিস্তানের কয়েকটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে যে, গত পাঁচ মাস ধরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই স্থল হামলার সম্ভাবনা এখন অনেক বেড়েছে। সামরিক পর্যবেক্ষণের ভিত্তিতে গোয়েন্দারা জানিয়েছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে দুই দেশের মধ্যে ইতিপূর্বে সম্পাদিত চুক্তি ভেস্তে যাওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে।
টানা ১৫ দিন মার্কিন হামলার পর গত তিনদিন ধরে আক্রমণ বন্ধ থাকলেও একে ঝড়ের পূর্ববর্তী শান্ত অবস্থা হিসেবে দেখা হচ্ছে।
এদিকে পাকিস্তান ও কাতার পুনরায় মধ্যস্থতার চেষ্টা করলেও ইরান কোনো অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হতে অস্বীকৃতি জানিয়েছে। তেহরানের পক্ষ থেকে স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানানো হয়েছে।
অন্যদিকে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র আমির আকরামিনিয়া সম্ভাব্য মার্কিন হামলার বিষয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, যেকোনো ধরনের স্থল অভিযান মোকাবিলায় ইরানি সেনারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, পারস্য উপসাগরীয় দেশগুলোর পূর্ণ সমর্থন না পেলে মার্কিন সেনাদের জন্য এই অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে।
উল্লেখ্য, আইআইএএসের তথ্য অনুযায়ী ইরানের ৬ লাখ ১০ হাজার সক্রিয় সেনা এবং সাড়ে ৩ লাখ রিজার্ভ সেনা রয়েছে।
এনএন/ ২৮ জুলাই ২০২৬









