মধ্যপ্রাচ্য

মার্কিন হুমকির কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

তেহরান, ২৮ জুলাই – ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাংকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকি বা অশুভ কর্মকাণ্ডের কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ওয়াশিংটন তাদের আগ্রাসী নীতি অব্যাহত রেখেছে এবং ইরানের ওপর একটি অবৈধ নৌ অবরোধ আরোপের চেষ্টা চালাচ্ছে।

বিবৃতিতে অভিযোগ করা হয়,

গত তিন দিন ধরে মার্কিন বাহিনী আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানি উপকূলীয় ও আঞ্চলিক জলসীমায় চলাচলকারী জাহাজগুলোকে হুমকি দিচ্ছে। ইরান একে ওই অঞ্চলে যুদ্ধের বিস্তৃতি ঘটানোর অপচেষ্টা হিসেবে গণ্য করছে।

সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে,

তারা অতীতেও রণক্ষেত্রে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে এবং মার্কিন বাহিনীর কোনো উসকানিমূলক আচরণ বা হুমকি বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। তেহরান তাদের সার্বভৌমত্ব ও সামুদ্রিক অধিকার রক্ষায় অটল সংকল্প পুনর্ব্যক্ত করেছে।

জাতীয় স্বার্থ রক্ষায় এবং আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়ার ক্ষেত্রে ইরান বারবার নিজেদের সক্ষমতা প্রদর্শন করেছে। বর্তমানে পশ্চিম এশিয়ায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে সরাসরি হুমকি হিসেবে দেখছে ইরান। যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে দেশের জলসীমা ও বাণিজ্যিক নৌপথ রক্ষায় ইরানি সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানা গেছে।

এস এম/ ২৮ জুলাই ২০২৬


Back to top button