জাতীয়

আগামী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ঢাকা, ২৮ জুলাই – দেশের আটটি বিভাগের সবগুলোতে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। মঙ্গলবার সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে যে এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করা গভীর নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার সকাল ৬টায় পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে।

বর্তমানে এটি উত্তর উড়িষ্যা ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে এবং ধীরে ধীরে আরও দুর্বল হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা থাকায় বন্দরগুলোতে সতর্কবার্তা অব্যাহত থাকতে পারে।

এস এম/ ২৮ জুলাই ২০২৬


Back to top button