মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে সৌদি ও ওমানের সাথে ইরানের আলোচনা

তেহরান, ২৮ জুলাই – বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরব ও ওমানের সাথে উচ্চপর্যায়ের আলোচনা করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী,

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ওমান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পৃথক দুটি ফোনালাপে অংশ নেন। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সাথে এই আলাপে দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক সর্বশেষ ঘটনাবলী পর্যালোচনা করা হয়।

আলোচনায় আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপের কারণে হরমুজ প্রণালিতে তৈরি হওয়া অনিশ্চয়তা মোকাবিলায় গুরুত্ব দেওয়া হয়। পররাষ্ট্রমন্ত্রীরা এই পরিস্থিতিতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও যৌথ কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার বিষয়ে একমত পোষণ করেন।

এছাড়া মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ জলপথে মার্কিন কর্মকাণ্ডের কারণে যে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় একটি সমন্বিত আঞ্চলিক উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর তিন দেশের প্রতিনিধিরা বিশেষ গুরুত্বারোপ করেন।

এস এম/ ২৮ জুলাই ২০২৬


Back to top button