ইরানের সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা রক্ষায় পাশে থাকার ঘোষণা দিল চীন

বেইজিং, ২৫ জুলাই – যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় মর্যাদা রক্ষায় নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন। কিরগিজস্তানের চোলপন আতা শহরে আয়োজিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই সমর্থনের কথা জানান।
বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেন ওয়াং ই। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে যে, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ওয়াং ই।
তিনি বলেন, ইসলামাবাদ সমঝোতা স্মারক ছিল একটি মূল্যবান বহুপাক্ষিক মধ্যস্থতার ফল যা ইরান ও মধ্যপ্রাচ্যের জনগণের দীর্ঘস্থায়ী শান্তির আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। এই সমঝোতা স্মারকটি বজায় রাখার ওপর জোর দেন তিনি। ওয়াং ই আরও বলেন, আলোচনা অব্যাহত রাখা এবং সমঝোতা স্মারকের ঐকমত্যে ফিরে আসা বর্তমান সময়ের একটি জরুরি কাজ।
একইসাথে বেইজিং পাকিস্তানসহ অন্যান্য পক্ষের মধ্যস্থতা প্রচেষ্টাকে সমর্থন করে। বেইজিং চায় সংলাপের মাধ্যমে হরমুজ প্রণালী সংক্রান্ত সমস্যার সমাধান হোক। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, আলোচনার বিষয়ে ইরানের আগ্রহ অপরিবর্তিত রয়েছে। তেহরান কোনো দীর্ঘস্থায়ী সংঘাত চায় না।
সংকটপূর্ণ এই সময়ে ইরান ও চীনের মধ্যে যোগাযোগ আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি আশা প্রকাশ করেন পরিস্থিতি শান্ত করার ক্ষেত্রে বেইজিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উল্লেখ্য যে, গত ৮ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের বিষয়ে নেতিবাচক ঘোষণা দেওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এরপর থেকে যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের ওপর একাধিক হামলা চালিয়েছে যা আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে।
এস এম/ ২৫ জুলাই ২০২৬









