দক্ষিণ এশিয়া

পদত্যাগপত্রে ধর্মেন্দ্র প্রধান যে বার্তা দিলেন শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে

নয়া দিল্লি, ২৫ জুলাই – টানা কয়েক সপ্তাহের আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করার পাশাপাশি দেশের শিক্ষার্থী ও সরকারের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন।

নিট ইউজি মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ঘিরে সৃষ্ট বিতর্ক যেন শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত না করে এবং দেশবিরোধী কোনো শক্তি যেন এই পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সেই লক্ষ্যেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন।

দেশের তরুণ ও শিক্ষার্থীদের উদ্দেশে হিন্দিতে লেখা একটি চিঠি তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করে নিজের পদত্যাগের ঘোষণা দেন। চিঠিতে সাম্প্রতিক পরীক্ষা সংক্রান্ত সব বিতর্কের নৈতিক দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন ধর্মেন্দ্র প্রধান।

একই সঙ্গে সংকট মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ব্যাখ্যাও দিয়েছেন তিনি। তিনি জানান যে গত ৩ মে অনুষ্ঠিত নিট ইউজি পরীক্ষায় অনিয়ম ও কারচুপির অভিযোগ আসার পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার বিষয়টি তদন্তের দায়িত্ব কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের হাতে হস্তান্তর করে।

সেই সঙ্গে বিতর্কিত পরীক্ষা বাতিল করে দ্রুত নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দিল্লির যন্তর মন্তরসহ সারা দেশে যে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা বিবেচনায় নিয়ে এবং দেশের ঐক্য বজায় রাখতে তিনি এই কঠোর সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন যে পুরো বিতর্ক চলাকালে দায়িত্বশীল পদে থাকা কিছু ব্যক্তি সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন যা তাকে ব্যথিত করেছে। ব্যক্তিগত মর্যাদার চেয়ে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা এবং দেশের ঐক্য অক্ষুণ্ন রাখাকেই তিনি বড় করে দেখছেন বলে চিঠিতে জানিয়েছেন।

পরিশেষে তিনি দেশের তরুণ সমাজকে কোনো ধরনের ভুল তথ্য ও বিভ্রান্তির ফাঁদে পা না দিয়ে নিজেদের পড়াশোনা ও ভবিষ্যৎ গঠনে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

এস এম/ ২৫ জুলাই ২০২৬


Back to top button