এশিয়া

চীন থেকে ইরান হয়ে সরাসরি ট্রেন পৌঁছাল আফগানিস্তানে

বেইজিং, ২১ জুলাই – চীন থেকে ইরান হয়ে আফগানিস্তানে প্রথমবারের মতো সরাসরি ট্রানজিট পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। ইরানের রেল নেটওয়ার্ক ব্যবহার করে ট্রেনটি সফলভাবে আফগানিস্তানের হেরাত প্রদেশে একটি বড় পণ্যচালান পৌঁছে দিয়েছে।

গত রবিবার ইরানের সংবাদ সংস্থা ইলনার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইরান ও আফগানিস্তান রেল করিডোরের প্রধান মুস্তাফা রেজায়ি জানান, পথে কোনো স্থানে পণ্য খালাস বা পুনরায় বোঝাই ছাড়াই চীন থেকে সরাসরি আফগানিস্তানে মালামাল পরিবহনের এটিই প্রথম ঘটনা।

তার দেয়া তথ্য অনুযায়ী, ৫০০ টন এমডিএফ বোর্ডের চালানটি বেইজিং থেকে ট্রেনে তোলা হয়। এরপর ট্রেনটি তুর্কমেনিস্তান অতিক্রম করে ইরানের রেল নেটওয়ার্কে প্রবেশ করে এবং খাফ হেরাত রেলপথ ব্যবহার করে হেরাত প্রদেশের রোজানাক স্টেশনে পৌঁছায়।

মুস্তাফা রেজায়ি বলেন, ইরানের ভূখণ্ড ব্যবহার করে বেইজিং ও হেরাতের মধ্যে এটিই প্রথম সরাসরি রেল ট্রানজিট সেবা। তার মতে, প্রচলিত বাণিজ্যিক রুটের তুলনায় এই পথ ব্যবহার করলে পণ্য পরিবহনের সময় এবং ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

তিনি আরও বলেন, এই ট্রেন চলাচল খাফ হেরাত রেল করিডোরকে বাণিজ্যিক ও ট্রানজিট কার্যক্রমের নতুন পর্যায়ে নিয়ে গেছে। ভবিষ্যতে এই পথে পণ্য পরিবহনের পরিমাণ বাড়লে চীন, মধ্য এশিয়া, ইরান ও আফগানিস্তানের মধ্যে সংযোগ জোরদারে করিডোরটির কৌশলগত গুরুত্ব আরও বৃদ্ধি পাবে।

রেজায়ির মতে, করিডোরটি সম্প্রসারিত হলে ইরান ও আফগানিস্তানের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও শক্তিশালী হবে। পাশাপাশি পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থাপনার ব্যয় কমবে এবং আঞ্চলিক বাণিজ্যের প্রতিযোগিতা সক্ষমতাও বাড়বে।

এস এম/ ২১ জুলাই ২০২৬


Back to top button