তাইওয়ান সীমান্তে চীনা জাহাজের ব্যাপক উপস্থিতি, ঐক্যের ডাক প্রেসিডেন্ট লাইয়ের

বেইজিং, ২১ জুলাই – তাইওয়ানের জলসীমায় চীনা জাহাজের উপস্থিতি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্ট গার্ড। তাইওয়ানের ওপর নিজেদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে বেইজিং প্রায় প্রতিদিনই দ্বীপটির চারপাশে সামরিক বিমান ও কোস্ট গার্ডের জাহাজ মোতায়েন করছে।
কোস্ট গার্ডের একজন কর্মকর্তা জানান,
জুন মাসে চীনা জাহাজের মাধ্যমে পরিচালিত গ্রে জোন হয়রানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, জুন মাসে তাইওয়ানের আশপাশে মোট ২৬৩টি চীনা জাহাজ শনাক্ত করা হয়েছে। যার মধ্যে উদ্ধারকারী ও গবেষণা জাহাজও রয়েছে। মে মাসে এই সংখ্যা ছিল ২০০টি এবং গত বছরের জুন মাসে তা ছিল ১৭১টি।
চীন গত মাস থেকে তাইওয়ানের পূর্বাঞ্চলীয় জলসীমায় আইন প্রয়োগকারী টহল অভিযান শুরু করেছে, যাকে তাইওয়ান উসকানিমূলক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছে। এদিকে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে গণতন্ত্র রক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি দৃঢ়তার সাথে বলেন, তাইওয়ান কখনোই চীনের অংশ হবে না। ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির বার্ষিক সম্মেলনে তিনি বেইজিংয়ের পক্ষ থেকে আসা লাল সন্ত্রাস মোকাবিলার ওপর গুরুত্বারোপ করেন। লাই চিং-তে তার বক্তব্যে বলেন, তাইওয়ান একটি স্বতন্ত্র রাষ্ট্র এবং এর গণতান্ত্রিক জীবনধারা রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে।
বেইজিংয়ের নতুন জাতিগত সংহতি আইনের সমালোচনা করে তিনি একে আইনি যুদ্ধের অংশ হিসেবে অভিহিত করেন। চীনের তাইওয়ান বিষয়ক দপ্তর প্রেসিডেন্টের এই বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে বেইজিং তাকে বরাবরই বিচ্ছিন্নতাবাদী হিসেবে অভিহিত করে আলোচনার প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করে আসছে।
এস এম/ ২১ জুলাই ২০২৬









