মধ্যপ্রাচ্য

হামাস বন্দিদের কারাগারে কুমির রাখার পরিখা খনন করছে ইসরায়েল

তেল আবিব, ২৩ জুলাই – ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় কেতজিওত কারাগারের একটি উচ্চ নিরাপত্তা অংশ ঘিরে কুমির রাখার জন্য পরিখা খনন শুরু হয়েছে। মূলত হামাস সদস্যদের জন্য নির্ধারিত এই বিশেষ উইংয়ের নিরাপত্তা জোরদার করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনথের প্রতিবেদন অনুযায়ী, কারাগারটির চারপাশে প্রায় ১৭০ মিটার দীর্ঘ একটি পরিখা খনন করা হচ্ছে। নেগেভ মরুভূমিতে অবস্থিত এই কারাগারটি রামাত নেগেভ রিজিওনাল কাউন্সিল এলাকায় অবস্থিত।

সেখানকার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, পরিখাগুলো কারাগারের ভেতরে একটি বিশেষ উইং ঘিরে খনন করা হচ্ছে বিধায় বাইরে থেকে এগুলো দেখা যাবে না। প্রকল্পের বিষয়ে জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, সেখানে কুমির রাখার জন্য প্রস্তুতি চলছে।

সম্প্রতি ইসরায়েলের পরিবেশ সুরক্ষা বিষয়ক মন্ত্রী ইদিত সিলমান নীল নদের কুমিরকে গৃহপালিত বন্য প্রাণী হিসেবে শ্রেণিবদ্ধ করার সিদ্ধান্ত নেন। এই ঘোষণার পরই পরিখা খননের কাজ শুরু হয়। জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভিরের দফতর জানিয়েছে, এটি একটি পরীক্ষামূলক প্রকল্পের অংশ যার জন্য প্রায় ২১ মিলিয়ন শেকেল বা ৬.৩ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছে।

কারাগার তদারকির জন্য নিয়োজিত রক্ষীদের কুমির সামলানোর প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনির সংখ্যা প্রায় ৮৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বর্তমানে এই সংখ্যা ৯ হাজার ৬০০ ছাড়িয়ে গেছে। মানবাধিকার সংস্থাগুলো এই কারাগারে বন্দিদের ওপর অমানবিক আচরণের অভিযোগ করলেও ইসরায়েলি কর্তৃপক্ষ সেখানে কড়াকড়ি আরও বৃদ্ধি করার পরিকল্পনা হাতে নিয়েছে।

এস এম/ ২৩ জুলাই ২০২৬


Back to top button