উত্তর আমেরিকা

নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির পরোয়ানা কার্যকরে অক্ষমতা জানালেন নিউ ইয়র্কের মেয়র

আলবানি, ২২ জুলাই – ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার সক্ষমতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি জানান, আইসিসির পরোয়ানা কার্যকরের আইনি ক্ষমতা নিউ ইয়র্ক সিটি প্রশাসনের হাতে নেই। মেয়র মামদানি নেতানিয়াহুকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে পরিচালিত গণহত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিহিত করেন।

তিনি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে এলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব কি না, তা খতিয়ে দেখা হয়েছে। পর্যালোচনায় দেখা গেছে যে, এই ধরনের আন্তর্জাতিক পরোয়ানা বাস্তবায়নের এখতিয়ার কেবল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বা ফেডারেল সরকারের রয়েছে।

ফলে সিটি প্রশাসনের পক্ষে স্বতন্ত্রভাবে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। আইনি সীমাবদ্ধতা থাকলেও মেয়র কড়া ভাষায় বলেন যে, বেনিয়ামিন নেতানিয়াহু বা অন্য কোনো যুদ্ধাপরাধীকে নিউ ইয়র্ক সিটিতে স্বাগত জানানো হবে না।

এর আগে মামদানি নেতানিয়াহুকে গ্রেফতারের বিষয়টি বিবেচনা করছেন বলে জানালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরোধিতা করেছিলেন। ট্রাম্প জানিয়েছিলেন যে, যুক্তরাষ্ট্র সফরকালে নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে না। মূলত ট্রাম্পের ওই মন্তব্যের প্রেক্ষাপটেই মেয়র মামদানির এই সর্বশেষ অবস্থান সামনে এসেছে।

উল্লেখ্য যে, গাজায় কথিত গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৪ সালে হেগ ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

এস এম/ ২২ জুলাই ২০২৬

Back to top button
🌐 Read in Your Language