কুষ্টিয়া

কুষ্টিয়ায় সাপ ধরতে গিয়ে গোখরার দংশনে ওঝা আহত

কুষ্টিয়া, ১৯ জুলাই – কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় একটি বসতবাড়ি থেকে গোখরা সাপ উদ্ধার করতে গিয়ে সাপের দংশনে ইমরান হোসেন নামে এক ওঝা আহত হয়েছেন। ৩৮ বছর বয়সী ইমরান বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার গোলাপনগর ইউনিয়নের বাগগাড়িপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত ইমরান ভেড়ামারা উপজেলার হিড়িমাদিয়া গোরস্থানপাড়া এলাকার মোশারফ হোসেনের ছেলে। তিনি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে সাপ ধরার ভিডিও প্রকাশ করেন এবং নিজেকে সাপুড়ে ও ওঝা হিসেবে পরিচয় দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে যে আগের দিন বৃহস্পতিবার একই বাড়িতে সম্রাট নামের এক যুবক সাপের কামড়ে মারা যান। শুক্রবার আবারও ওই বাড়িতে সাপ দেখা গেলে আতঙ্কিত পরিবারের সদস্যরা ইমরানকে খবর দেন। ইমরান জানান যে তিনি প্রথমে উঠান থেকে তিনটি সাপের বাচ্চা উদ্ধার করেন।

পরে একটি গর্ত থেকে বড় একটি গোখরা সাপ বের করে ধরার চেষ্টা করলে সেটি তার হাঁটুর ওপরে দংশন করে। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ইকবাল হাসান জানান যে হাসপাতালে আনার পর ইমরানকে প্রয়োজনীয় চিকিৎসা ও অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

এস এম/ ১৯ জুলাই ২০২৬


Back to top button