স্পেনের বিপক্ষে ফাইনালে ঐতিহ্যবাহী হোম জার্সিতেই মাঠে নামবে আর্জেন্টিনা

বুয়েনোস আইরেস, ১৭ জুলাই – চলতি আসরের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা বিকল্প জার্সিতে খেললেও ফাইনালে তারা ফিরছে নিজেদের চিরচেনা রঙে। স্পেনের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে আকাশী সাদা হোম জার্সি পরেই মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। টুর্নামেন্টের অধিকাংশ ম্যাচেই এই কিটটি ব্যবহার করেছে দলটি।
তবে গ্রুপ পর্বের শেষ দিকে অস্ট্রিয়ার বিপক্ষে নীল মোজা এবং জর্ডানের বিপক্ষে অ্যাওয়ে জার্সি পরেছিলেন মেসি বাহিনী। সর্বশেষ সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষেও তারা বিকল্প কিট ব্যবহার করেছিল।
আলজেরিয়া, কেপ ভার্দে, মিশর ও সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচগুলোতে আর্জেন্টিনা হোম জার্সি এবং সাদা শর্টস ও মোজা ব্যবহার করেছে। মেটলাইফ স্টেডিয়ামের মহাগুরুত্বপূর্ণ ফাইনালেও তারা এই একই পোশাকে উপস্থিত হবে।
দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে দেখা যাবে সম্পূর্ণ সবুজ রঙের কিটে। কাতার বিশ্বকাপের ফাইনালসহ বড় টুর্নামেন্টগুলোতে তাকে প্রায়ই এই রঙের পোশাকে দেখা গেছে।
এদিকে প্রতিপক্ষ স্পেনও তাদের প্রথাগত লাল জার্সিতে ফিরছে। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে বিকল্প পোশাকে নামলেও আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে নীল হাতা ও হলুদ নকশাযুক্ত লাল জার্সি পরেই লড়াই করবে তারা।
এনএন/ ১৭ জুলাই ২০২৬









