২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে কে? ইএ স্পোর্টসের নতুন পূর্বাভাস

নিউ জার্সি, ১৭ জুলাই – ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ঘিরে উত্তেজনা যখন তুঙ্গে, তখন জনপ্রিয় গেম নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টসের নতুন পূর্বাভাস ফুটবল বিশ্বে আলোচনার ঝড় তুলেছে। গত চারটি বিশ্বকাপে তাদের ভবিষ্যদ্বাণী হুবহু মিলে যাওয়ায় এবারের ফলের দিকে বিশেষ নজর রাখছেন ক্রীড়াপ্রেমীরা।
ইএ স্পোর্টস তাদের সাম্প্রতিক সিমুলেশন শেষে দাবি করেছে যে, ২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতবে স্পেন।
এর আগে ২০২২ কাতার বিশ্বকাপের আগেও তারা আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করেছিল এবং শেষ পর্যন্ত লিওনেল মেসির হাত ধরেই আলবিসেলেস্তেরা ট্রফি জেতে।
এবারের আসরে ফাইনালে ওঠার পথে স্পেন প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২.০ গোলে পরাজিত করে। অন্যদিকে, ইংল্যান্ডকে ২.১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের এই দুই পরাশক্তির লড়াইয়ে নির্ধারিত হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন।
ইএ স্পোর্টসের এই পূর্বাভাসকে ফুটবল অনুরাগী ও বিশ্লেষকরা বেশ গুরুত্বের সঙ্গে দেখছেন। এর কারণ হলো ২০১০ সালে স্পেন, ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বজয়ের কথা তারা আগেই জানিয়েছিল। তবে ২০০৬ সালে তাদের ভবিষ্যদ্বাণীটি ভুল প্রমাণিত হয়েছিল। সেবার চেক প্রজাতন্ত্রকে সম্ভাব্য চ্যাম্পিয়ন বলা হলেও তারা গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায়।
যদিও পরিসংখ্যান কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার পূর্বাভাস স্পেনের পক্ষে কথা বলছে, তবে মাঠের লড়াইয়ে শেষ কথা বলবেন ফুটবলাররাই। ৯০ মিনিট কিংবা অতিরিক্ত সময়ের লড়াই শেষে নির্ধারিত হবে কার মাথায় উঠবে বিশ্বজয়ের মুকুট।
আগামী রোববার বাংলাদেশ সময় রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল অনুষ্ঠিত হবে।
এনএন/ ১৭ জুলাই ২০২৬









