শারীরিক জটিলতায় ছেলের খেলা মাঠে বসে দেখতে পারছেন না ইয়ামালের বাবা

মাদ্রিদ, ১৭ জুলাই – স্পেনের ফুটবল বিস্ময় লামিনে ইয়ামাল প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে নেমে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করছেন। আগামী রোববার আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে মাঠে নামবে তার দল।
ইয়ামালের এই বিশেষ মুহূর্তে গ্যালারিতে উপস্থিত থেকে তাকে প্রতিনিয়ত উৎসাহ জোগাচ্ছেন মা, ছোট ভাই এবং বন্ধুরা।তবে গ্যালারিতে চেনা মুখগুলোর মধ্যে ইয়ামালের বাবা মুনির নাসরাউইয়ের অনুপস্থিতি সকলের নজরে এসেছে।
২০২৪ ইউরো কাপে স্পেনের শিরোপাজয়ী অভিযানে পুরোটা সময় ছেলের সঙ্গেই ছিলেন মুনির। তবে এবারের বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে যেতে পারেননি তিনি। মূলত শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘ আকাশপথ পাড়ি দিয়ে খেলা দেখার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যম এল এস্পানিওলের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, মুনির নাসরাউই মৃগীরোগে ভুগছেন। চিকিৎসকদের মতে, এই অসুস্থতার কারণে দীর্ঘ সময় বিমানে ভ্রমণ করা তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে।
বিশ্বকাপ শুরুর আগেই নাসরাউই তার শারীরিক সীমাবদ্ধতার কথা উল্লেখ করেছিলেন। এক সাক্ষাৎকারে তিনি জানান যে, তাকে নিয়মিত এই রোগের ওষুধ সেবন করতে হয়। ফাইনাল ম্যাচের টানটান উত্তেজনা এবং দীর্ঘ বিমান ভ্রমণের ধকল তার স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে।
নিজের এবং পরিবারের স্বস্তির কথা ভেবেই তিনি ভ্রমণে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান যে, তার কারণে অন্য কেউ সমস্যায় পড়ুক সেটা তিনি চান না। তাই বাসায় বসেই ছেলের খেলা উপভোগ করাকে তিনি সঠিক মনে করছেন।
মাঠে বাবার সরব উপস্থিতি না থাকলেও পরিবারের অন্য সদস্যদের সমর্থন ঠিকই পাচ্ছেন এই বার্সেলোনা উইঙ্গার। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে গ্যালারি থেকে তাকে সাহস দিচ্ছেন মা শিলা। পাশাপাশি প্রতিটি গোলের পর তার ছোট ভাই কেইনের আনন্দ উল্লাসের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
এনএন/ ১৭ জুলাই ২০২৬









