সেই ঐতিহাসিক ছবি থেকে বিশ্বকাপ ফাইনাল: ইয়ামালকে নিয়ে মুখ খুললেন মেসি

বুয়েনস আইরেস, ১৮ জুলাই – ২০০৭ সালে বার্সেলোনার এক চ্যারিটি ফটোশুটে পাঁচ মাস বয়সী লামিন ইয়ামালকে গোসল করাতে সাহায্য করেছিলেন লিওনেল মেসি। প্রায় দুই দশক পর সেই ঐতিহাসিক ছবি আবারও বিশ্বজুড়ে আলোচনায় এসেছে।
কারণ এবারের বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো একে অপরের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন এই দুই তারকা। ৩৯ বছর বয়সী লিওনেল মেসির সামনে আর্জেন্টিনার হয়ে আরেকটি বিশ্বকাপ শিরোপা জেতার হাতছানি। অন্যদিকে ১৯ বছর বয়সী ইয়ামাল স্পেনকে বিশ্বজয়ের স্বপ্ন দেখাচ্ছেন।
নিউইয়র্কে গণমাধ্যমের সাথে আলাপকালে সেই ঐতিহাসিক ছবি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন মেসি। মেসি বলেন, বিষয়টি সত্যিই অবিশ্বাস্য। সেই সময় ও একদম শিশু ছিল এবং আমরা একসঙ্গে ছবি তুলেছিলাম। আর আজ আমরা বিশ্বকাপের ফাইনালে একে অপরের মুখোমুখি হচ্ছি। এটাই জীবনের পরিবর্তন।
ইয়ামালের প্রতিভা প্রসঙ্গে মেসি বলেন, লামিন অসাধারণ এক প্রতিভা। আমি তাকে খুব কাছ থেকে দেখি কারণ সে আমার ভালোবাসার ক্লাব বার্সেলোনায় খেলছে। মাত্র ১৯ বছর বয়সেই সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত হয়েছে। তার সামনে ইতিহাস গড়ার বড় সুযোগ রয়েছে।
তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যেন এই যাত্রায় সে সফল হতে না পারে। আমি তার জন্য শুভকামনা জানাই। আর্জেন্টাইন অধিনায়ক আরও যোগ করেন, বর্তমান বিশ্বে সে নিঃসন্দেহে অন্যতম সেরা খেলোয়াড়। তার সাফল্য মানেই বার্সেলোনার মঙ্গল, তাই আমি তার মঙ্গলই চাই।
২০২৪ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ চলাকালে ইয়ামালের বাবা মুনির নাসরাউই সামাজিক মাধ্যমে এই ছবিগুলো প্রকাশ করলে তা ভাইরাল হয়। তিনি মজা করে বলেছিলেন যে হয়তো তার ছেলে লামিনই মেসিকে ওই সময় আশীর্বাদ করেছিল।
ছবির আলোকচিত্রী জোয়ান মনফোর্ট জানান, ইউনিসেফ ও স্থানীয় সংবাদপত্রের যৌথ উদ্যোগে একটি দাতব্য ক্যালেন্ডারের জন্য ২০০৭ সালে ছবিগুলো তোলা হয়েছিল। তখন কেউ ভাবতে পারেনি যে এই শিশুটিই একদিন মেসির প্রতিপক্ষ হিসেবে বিশ্বমঞ্চে লড়াই করবে।
এস এম/ ১৮ জুলাই ২০২৬









