বিশ্বকাপ ফাইনাল: আর্জেন্টিনার আক্রমণ বনাম স্পেনের দুর্ভেদ্য রক্ষণ

মাদ্রিদ, ১৮ জুলাই – বিশ্বকাপের ফাইনালে আগামী রবিবার মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের সেরা দল স্পেন। দুই দলের দুর্দান্ত ছন্দ শিরোপার লড়াইকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। মাঠের লড়াই শুরুর আগে পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যায়, আক্রমণে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও রক্ষণে অনেক বেশি শক্তিশালী স্পেন।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৯টি গোল করেছে আর্জেন্টিনা। চার বছর আগে সৌদি আরবের বিপক্ষে হারের পর থেকে বিশ্বকাপে টানা ১৩ ম্যাচে অন্তত দুটি করে গোল করার অনন্য রেকর্ড গড়েছে তারা। সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে আলবিসেলেস্তেরা বেশ কার্যকর ভূমিকা পালন করেছে।
বিপরীতে স্পেন আর্জেন্টিনার চেয়ে ছয়টি গোল কম করলেও রক্ষণভাগে তাদের পারফরম্যান্স নজরকাড়া। পুরো টুর্নামেন্টে তারা মাত্র একটি গোল হজম করেছে, যা কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে ছিল। আর্জেন্টিনা সাতটি গোল হজম করলেও প্রতিপক্ষকে তারা খুব বেশি সুবিধা করতে দেয়নি।
তবে রক্ষণে স্পেনের দুর্ভেদ্য দেওয়াল ভাঙা যেকোনো দলের জন্যই কঠিন চ্যালেঞ্জ। শারীরিক পরিশ্রম ও বল দখলের লড়াইয়ে দুই দলই শক্তিশালী। স্পেনের খেলোয়াড়রা গড়ে প্রতি ম্যাচে আর্জেন্টিনার চেয়ে বেশি গতিতে ছুটেছেন। অন্যদিকে আর্জেন্টিনা তুলনামূলক কম দৌড়েও প্রতিটি ম্যাচে জয়ের ধারা বজায় রেখেছে।
সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে স্পেন এবং গ্রুপ পর্বে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা কম বল পজিশন নিয়েও জয় তুলে নিয়েছে। ব্যক্তিগত নৈপুণ্যের লড়াইয়ে স্পেনের লামিনে ইয়ামাল এবং আর্জেন্টিনার লিওনেল মেসি পাদপ্রদীপের আলোয় রয়েছেন।
পুরো টুর্নামেন্টে দুই দলের ড্রিবলিং বা খেলোয়াড় কাটিয়ে সামনে এগোনোর অর্ধেকের বেশি কৃতিত্ব এই দুই তারকার। পরিসংখ্যান বলছে, গোল করার দক্ষতায় আর্জেন্টিনা সেরা হলেও রক্ষণে অপ্রতিদ্বন্দ্বী স্পেন। তাই রোববারের ফাইনালে আক্রমণ ও রক্ষণের দ্বৈরথই নতুন বিশ্বচ্যাম্পিয়ন নির্ধারণ করবে।
এস এম/ ১৮ জুলাই ২০২৬







