ভারতের বেসরকারি মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস: বিক্রম ১ রকেটের সফল উৎক্ষেপণ

নয়া দিল্লি, ১৮ জুলাই – ভারতের বেসরকারি মহাকাশ খাতে এক নতুন মাইলফলক উন্মোচিত হয়েছে। শনিবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে বেসরকারি প্রতিষ্ঠান স্কাইরুট অ্যারোস্পেসের তৈরি বিক্রম ১ রকেটটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে।
রকেটটি প্রায় ৪৫০ কিলোমিটার উচ্চতায় নির্দিষ্ট কক্ষপথে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট স্থাপন করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি। পূর্বনির্ধারিত সময়ের কিছুটা পরে স্থানীয় সময় দুপুর ১২টা ৫ মিনিটে এই ঐতিহাসিক অভিযান শুরু হয়।
উৎক্ষেপণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরপরই স্কাইরুট অ্যারোস্পেস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায় যে তাদের প্রথম বেসরকারি অরবিটাল রকেট সফলভাবে মিশন শেষ করেছে। এই সাফল্যের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্কাইরুট অ্যারোস্পেসের প্রতিষ্ঠাতা পবন কুমার চন্দনা এবং নাগা ভারত ঢাকাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য যে স্কাইরুট অ্যারোস্পেস প্রতিষ্ঠা করেছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সাবেক দুই বিজ্ঞানী। বিক্রম ১ রকেটটি ৪৫০ কিলোমিটার উচ্চতার লো আর্থ অরবিটে প্রায় ৩৫০ কেজি পর্যন্ত পেলোড বহনে সক্ষম। এটি তৈরিতে অত্যন্ত হালকা কার্বন কম্পোজিট কাঠামো এবং অত্যাধুনিক থ্রিডি প্রিন্টেড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।
এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল রকেটটির নেভিগেশন, গাইডেন্স সিস্টেম এবং ইঞ্জিনের কার্যকারিতা পরীক্ষা করা। এই অভিযানে মহাকাশে কয়েকটি প্রযুক্তিগত পেলোড পাঠানো হয়েছে। যার মধ্যে রয়েছে কসমোসার্ভ স্পেসের রোবোটিক আর্ম এমব্রেস, গ্রাহা স্পেসের সোলারাস স্যাটেলাইট এবং স্কাইরুটের নিজস্ব পরীক্ষামূলক স্যাটেলাইট স্কোপ।
এছাড়াও একটি বিশেষ বার্তাসহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে লেখা একটি পোস্টকার্ড, কিংবদন্তি বিজ্ঞানী বিক্রম সারাভাই, সি ভি রমন এবং এ পি জে আব্দুল কালামের ক্ষুদ্র ভাস্কর্য ও গবেষণাগারে তৈরি একটি হীরা এই অভিযানের অংশ হিসেবে মহাকাশে প্রেরণ করা হয়েছে।
এস এম/ ১৮ জুলাই ২০২৬









