ইউরোপ

রাশিয়ায় ইউক্রেনের বড় আকারের ড্রোন হামলা: ৭ জনের মৃত্যু, আহত অর্ধশতাধিক

মস্কো, ১৮ জুলাই – চলমান যুদ্ধের তীব্রতার মধ্যে রাশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় একযোগে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলায় একটি গুদামের সাতজন শ্রমিক নিহত হয়েছেন এবং অন্তত ৫১ জন আহত হয়েছেন বলে রুশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

গত শুক্রবার রাতে চালানো এই হামলায় রাশিয়ার অন্যতম বড় অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ‘ওয়াইল্ডবেরিজ’-এর দুটি বিশাল গুদাম ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত গুদাম দুটির একটি তাম্বভ অঞ্চলের কোতোভস্ক শহরে এবং অন্যটি মস্কো থেকে প্রায় ৫০ কিলোমিটার পূর্বে ইলেকট্রোস্টাল শহরে অবস্থিত।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বার্তায় জানান, রাশিয়ার মস্কো ও তাম্বভ অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ সরবরাহ কেন্দ্রে সফলভাবে হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, এই কেন্দ্রগুলো ড্রোন ও নেভিগেশন সরঞ্জাম তৈরির জন্য ব্যবহৃত নিষিদ্ধ যন্ত্রাংশ সরবরাহের কাজে ব্যবহৃত হতো।

হামলার ফলে তাম্বভ অঞ্চলের কোতোভস্কের গুদামে কর্মরত সাতজন শ্রমিকের মৃত্যু ঘটে এবং ২৫ জন আহত হন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ইভজেনি পারভিশভ। অন্যদিকে, মস্কো অঞ্চলের ইলেকট্রোস্টালে হামলায় আরও ২৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিওভ জানান, ইলেকট্রোস্টালের উত্তরে নোগিনস্ক শহরে ড্রোন হামলার পর একটি তেল ডিপোতে আগুন ধরে যায়। নিরাপত্তার স্বার্থে ওই এলাকার একটি হাসপাতাল ও আবাসিক ভবন খালি করা হয়।

ভ্লাদিমির অঞ্চলের গভর্নর আলেকজান্ডার আভদেয়েভ জানিয়েছেন, মস্কো থেকে ১৮০ কিলোমিটার দূরে অবস্থিত ভ্লাদিমির শহরে একটি আবাসিক ভবনে ড্রোন আঘাত হানলে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়, তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, গত রাতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১৯টি অঞ্চলসহ ক্রিমিয়া ও আজভ সাগর এলাকায় মোট ৩৭৯টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করেছে।

এস এম/ ১৮ জুলাই ২০২৬


Back to top button