কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়ায় রাতের ‘কারফিউ’ দিচ্ছে যুক্তরাজ্য

লন্ডন, ১৫ জুলাই – কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও ঘুমের ব্যাঘাত রোধ করতে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার। নতুন এই পদক্ষেপ অনুযায়ী রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর এক ধরণের কারফিউ কার্যকর হবে।
মূলত ১৬ ও ১৭ বছর বয়সীদের ডিজিটাল আসক্তি থেকে দূরে রাখতেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই নীতিমালার আওতায় নির্দিষ্ট সময়ের পর সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোর ফিড স্বয়ংক্রিয়াভাবে বন্ধ হয়ে যাবে। এছাড়া ঘণ্টার পর ঘণ্টা ভিডিও দেখা বা স্ক্রলিং করার মতো ফিচারগুলোও নিয়ন্ত্রিত হবে।
যদিও ব্যবহারকারীরা চাইলে সেটিংসে পরিবর্তন আনতে পারবেন, তবে ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া পুরোপুরি নিষিদ্ধ করার একটি বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপ দেখা হচ্ছে। যুক্তরাজ্যের প্রযুক্তি মন্ত্রী লিজ কেন্ডাল জানিয়েছেন যে এই পদক্ষেপের ফলে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও বেশি মনোযোগী হতে পারবে এবং তাদের ঘুমের ঘাটতি দূর হবে।
তিনি মনে করেন এই উদ্যোগের ফলে তরুণ প্রজন্ম তাদের পরিবার ও বন্ধুদের সাথে সরাসরি সময় কাটানোর সুযোগ পাবে। গবেষণায় দেখা গেছে যে রাতের বেলা সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করলে কিশোরদের মনোযোগ ও স্বাস্থ্যের অভূতপূর্ব উন্নতি ঘটে। এই আইনের খসড়া চলতি বছরের শেষের দিকে ব্রিটিশ পার্লামেন্টে উত্থাপনের কথা রয়েছে।
সব কিছু ঠিক থাকলে ২০২৭ সালের বসন্তকাল থেকে এই নিয়ম দেশজুড়ে কঠোরভাবে কার্যকর করা হবে। উল্লেখ্য যে, শিশুদের ওপর সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাব নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়া ইতোমধ্যে নানা পদক্ষেপ নিয়েছে এবং যুক্তরাষ্ট্রও এই বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।
এস এম/ ১৫ জুলাই ২০২৬









