দিদিয়ে দেশম যুগের অবসান: বিদায়ী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি ফ্রান্স

প্যারিস, ১৮ জুলাই – ফ্রান্সের ফুটবল ইতিহাসে একটি দীর্ঘ ও সফল অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে। টানা ১৪ বছর ফরাসি জাতীয় দলের কোচের দায়িত্ব পালনের পর এবার পদত্যাগ করছেন দিদিয়ে দেশম। সেমিফাইনালে স্পেনের কাছে পরাজিত হয়ে শিরোপার লড়াই থেকে বিদায় নিলেও ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটিই হতে যাচ্ছে দেশমের শেষ এসাইনমেন্ট।
বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ৩টায় যুক্তরাষ্ট্রের মায়ামিতে মুখোমুখি হবে ফ্রান্স ও ইংল্যান্ড। ম্যাচটি নিছক আনুষ্ঠানিকতা মনে হলেও ফরাসি ডাগআউটে দেশমের বর্ণাঢ্য যাত্রার শেষ মুহূর্ত হিসেবে এটি বিশেষ তাৎপর্য বহন করছে। ২০১২ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে দেশম ফ্রান্সকে বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দলে পরিণত করেন।
তার অধীনেই ২০১৮ সালে বিশ্বকাপ শিরোপা জেতে ফ্রান্স এবং ২০২২ সালে ফাইনালে রানার্সআপ হয়। ৫৭ বছর বয়সী এই কোচের ইচ্ছা ছিল শিরোপা জয়ের মধ্য দিয়ে বিদায় নেওয়া। কিন্তু সেমিফাইনালে হারের ফলে সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল। এখন শিষ্যদের সামনে সুযোগ জয় দিয়ে প্রিয় গুরুকে বিদায় জানানোর।
যদিও ইংল্যান্ডের কোচ টমাস টুখেল জানিয়েছেন যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নিয়ে খেলোয়াড়দের খুব একটা আগ্রহ থাকে না। তবুও দুই দলই একাদশে একাধিক পরিবর্তন এনে জয় পেতে মুখিয়ে থাকবে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই মাঠে নামার সম্ভাবনা রয়েছে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের।
এবারের আসরে আটটি গোল করে তিনি গোল্ডেন বুটের দৌড়ে রয়েছেন। একইসঙ্গে দেশমকে একটি জয় উপহার দিতে তিনি বদ্ধপরিকর। সব মিলিয়ে মায়ামির এই ম্যাচটি দিদিয়ে দেশমের জন্য এক আবেগঘন ও ঐতিহাসিক বিদায় মঞ্চে পরিণত হতে যাচ্ছে।
এস এম/ ১৮ জুলাই ২০২৬







