মধ্যপ্রাচ্য ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের

ওয়াশিংটন, ১৮ জুলাই – মধ্যপ্রাচ্যে চলমান এবং ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন নাগরিকদের জন্য নতুন ভ্রমণ সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে এই সতর্কবার্তা প্রদান করা হয়।
বিবৃতিতে পররাষ্ট্র দফতর উল্লেখ করেছে যে মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল এবং অস্থিতিশীল হয়ে উঠেছে। যেকোনো সময় অপ্রত্যাশিতভাবে এই পরিস্থিতির আরও অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।
এই পরিস্থিতির কথা বিবেচনা করে মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্য ভ্রমণ কিংবা ওই অঞ্চল হয়ে যাতায়াতের পরিকল্পনা পুনর্বিবেচনা করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে। যারা ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থান করছেন তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।
একইসঙ্গে চলমান পরিস্থিতির সবশেষ খবরাখবর জানতে নিয়মিত নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমগুলোতে নজর রাখার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া যেসব যাত্রী মধ্যপ্রাচ্যের বিমানবন্দরগুলো ব্যবহার করে যাতায়াত করবেন তাদের নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
ফ্লাইটের সময়সূচি ঠিক আছে কি না বা কোনো পরিবর্তন হয়েছে কি না তা নিশ্চিত হওয়ার ওপর গুরুত্বারোপ করেছে মার্কিন কর্তৃপক্ষ। আন্তর্জাতিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এস এম/ ১৮ জুলাই ২০২৬









