উত্তর আমেরিকা

ট্রাম্পের গুরুত্বপূর্ণ ভাষণ সরাসরি সম্প্রচার করবে না শীর্ষ মার্কিন টিভি চ্যানেলগুলো

ওয়াশিংটন, ১৭ জুলাই – গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের মাত্র চার মাস আগে নির্বাচন সুরক্ষা এবং ইরান ইস্যু নিয়ে বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটির প্রধান তিনটি টিভি চ্যানেল এবিসি, এনবিসি এবং সিএনএন তাদের মূল সম্প্রচার চ্যানেলে ট্রাম্পের এই ভাষণটি সরাসরি না দেখানোর সিদ্ধান্ত নিয়েছে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে যে ট্রাম্প এই ভাষণে বর্তমান ইরান পরিস্থিতি, জাতীয় অর্থনীতি এবং বিগত নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ সংক্রান্ত বেশ কিছু গোপন তথ্য উপস্থাপন করতে পারেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট মনে করেন, এই বিষয়গুলো জনগণের জানার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবাদমাধ্যমগুলোর উচিত এটি সরাসরি সম্প্রচার করা। মূল টিভি চ্যানেলে সরাসরি না দেখালেও চ্যানেলগুলো তাদের ডিজিটাল ও অনলাইন প্ল্যাটফর্মে ভাষণটি স্ট্রিমিং করার পরিকল্পনা করেছে।

এবিসি তাদের রেডিও ও অনলাইন স্ট্রিমিংয়ে, এনবিসি তাদের ফ্রি স্ট্রিমিং সার্ভিসে এবং সিএনএন তাদের ওয়েবসাইট ও সাবস্ক্রিপশন চ্যানেলে এটি সম্প্রচার করবে। তবে ডিজিটাল প্ল্যাটফর্মে দর্শক সংখ্যা মূল টিভির তুলনায় অনেক কম হওয়ায় বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

ডেমোক্র্যাট দলের কয়েকজন প্রতিনিধি ট্রাম্পের এই ভাষণ সরাসরি প্রচার না করার জন্য চ্যানেলগুলোর প্রতি অনুরোধ জানিয়েছিলেন। তাদের আশঙ্কা ছিল ট্রাম্প হয়তো পুরোনো এবং ভিত্তিহীন তথ্য পুনরায় প্রচার করতে পারেন।

অন্যদিকে মার্কিন যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণকারী সংস্থা এফসিসির প্রধান বলেছেন যে রাষ্ট্রপ্রধানের বক্তব্য সরাসরি দেখার অধিকার মার্কিন জনগণের রয়েছে। রাজনৈতিক এবং আইনি চাপের মুখে মার্কিন সংবাদমাধ্যমগুলোর এই অবস্থান দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

এস এম/ ১৭ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language