মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের গতিবিধি সুরক্ষিত রাখতে পেন্টাগনের নতুন পদক্ষেপ

ওয়াশিংটন, ৫ সেপ্টেম্বর – মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন সেনাদের অবস্থান বাণিজ্যিক ডেটার মাধ্যমে শনাক্ত হওয়ার ঝুঁকি এড়াতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে পেন্টাগন। সামরিক বাহিনীর ব্যবহৃত ফোন এবং কম্পিউটার থেকে বিজ্ঞাপনী ট্র্যাকার বা অ্যাডভারটাইজিং আইডি বন্ধ করার ঘোষণা দিয়েছে দেশটির প্রতিরক্ষা দপ্তর।
মার্কিন সিনেটর রন ওয়াইডেন এবং বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সিনেটর ওয়াইডেনকে পাঠানো এক চিঠিতে বিমানবাহিনী জানিয়েছে যে দুই মাস আগেই তারা কম্পিউটার ও মুঠোফোনে এই বিশেষ আইডেন্টিফায়ার বন্ধ করেছে।
স্পেশাল অপারেশনস কমান্ড তাদের উইন্ডোজ ডিভাইসে ট্র্যাকার নিষ্ক্রিয় করার তথ্য দিয়েছে। সেনাবাহিনী জানিয়েছে তারা চলতি বছরের শুরু থেকেই এই নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করেছে। তবে নৌবাহিনী এই বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি। সিনেটর রন ওয়াইডেন দীর্ঘদিন ধরে এই নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন।
তার মতে বিজ্ঞাপনী সংস্থাগুলোর সংগৃহীত লোকেশন ডেটা ব্রোকারদের মাধ্যমে হাতবদল হয়ে প্রতিপক্ষের কাছে পৌঁছে যেতে পারে। এতে যুদ্ধক্ষেত্রে সেনাদের সঠিক অবস্থান ও গতিবিধি শনাক্ত করা সম্ভব যা জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে বিবেচিত হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে অ্যান্ড্রয়েড এবং অ্যাপল ডিভাইসে গত ফেব্রুয়ারি থেকে এই ট্র্যাকার ডিফল্টভাবে বন্ধ রাখা হয়েছে। উইন্ডোজ কম্পিউটারে এই সুবিধা ২০২১ সালের আগেই নিষ্ক্রিয় করা হয়েছিল। মূলত মোবাইল অ্যাডভারটাইজিং আইডি বা এমএআইডি প্রতিটি ডিভাইসের জন্য একটি স্বতন্ত্র নম্বর যা ব্যবহারকারীর অবস্থান ও কার্যক্রম অনুসরণ করতে অ্যাপগুলোকে সহায়তা করে।
বিশেষজ্ঞরা বলছেন পেন্টাগনের এই উদ্যোগ ইতিবাচক হলেও এটি পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে না। গোপনীয়তা বিষয়ক প্রতিষ্ঠান ডিক্রিপ্টঅ্যাডসের সহপ্রতিষ্ঠাতা জ্যাক এডওয়ার্ডস জানান ট্র্যাকার বন্ধের ফলে সেনাদের অবস্থান বড় আকারের ডেটাসেটে যাওয়ার ঝুঁকি কমবে ঠিকই তবে অ্যাপ বা নেটওয়ার্ক ডেটার সমন্বয়ে অন্যভাবেও অবস্থান শনাক্ত করা সম্ভব হতে পারে।
এস এম/ ৫ সেপ্টেম্বর ২০২৬







