কেরালার ত্রিশূরে লরির পেছনে গাড়ির ধাক্কা: ৮ শিক্ষার্থী নিহত

তিরুবনন্তপুরম, ৫ সেপ্টেম্বর – ভারতের কেরালা রাজ্যে একটি দাঁড়িয়ে থাকা লরির পেছনে দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় আটজন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে ত্রিশূর জেলার কাইপামঙ্গলম এলাকার পানাম্বিক্কুন্নু মহাসড়কে।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে যে নিহতরা সবাই পার্শ্ববর্তী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী। পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। যাত্রীবাহী গাড়িটি গুরুভায়ুর থেকে কোডুঙ্গাল্লুরের দিকে যাচ্ছিল।
পথিমধ্যে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে গাড়িটি সজোরে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতা এতই বেশি ছিল যে গাড়িতে থাকা আট আরোহীই ঘটনাস্থলে প্রাণ হারান। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা দমকল বাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি থেকে মরদেহগুলো বের করে ময়নাতদন্তের জন্য ত্রিশূর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর তামিলনাড়ুর বলে নিশ্চিত করেছে পুলিশ। বর্তমানে নিহতদের বিস্তারিত পরিচয় শনাক্তের পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
এস এম/ ৫ সেপ্টেম্বর ২০২৬







