উগ্রপন্থীদের সহিংসতায় যুক্তরাষ্ট্রে ইসরায়েলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে: মার্কিন রাষ্ট্রদূত

তেল আবিব, ৫ সেপ্টেম্বর – ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি সতর্ক করে বলেছেন যে অধিকৃত পশ্চিম তীরে ইহুদি উগ্রপন্থীদের হামলা এবং ঘৃণাজনিত অপরাধ যুক্তরাষ্ট্রে ইসরায়েলের ভাবমূর্তিকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করছে। ইসরায়েলি সরকারি সম্প্রচারমাধ্যম কান এর বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে।
হাকাবি বলেন ইসরায়েলের এখন যত বেশি সম্ভব বন্ধুর প্রয়োজন এবং নতুন করে শত্রু তৈরি করার কোনো প্রয়োজন নেই। পশ্চিম তীরে ইহুদি উগ্রপন্থীদের সহিংস কর্মকাণ্ডের কারণে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের ভাবমূর্তির যে ক্ষতি হচ্ছে তাকে তিনি গুরুতর বলে অভিহিত করেন। তিনি আরও সতর্ক করেন যে বিষয়টি শুধু সাধারণ জনগণের মধ্যে সীমাবদ্ধ নেই।
এমনকি রিপাবলিকানদের মধ্যেও ইসরায়েলকে ঘিরে নেতিবাচক ধারণার প্রভাব গভীর হচ্ছে। বিশেষ করে আমেরিকান তরুণ সমাজ ইসরায়েল সম্পর্কে কী বার্তা পাচ্ছে তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। সম্প্রতি অধিকৃত পশ্চিম তীরের বাজরিয়া গ্রামের একটি মসজিদে আগুন দেওয়ার ঘটনার পর হাকাবিকে লক্ষ্য করে দেয়ালে আপত্তিকর গ্রাফিতি লেখা হয়।
এর আগে গত মাসে পশ্চিম তীরের কুসরা গ্রামে ফিলিস্তিনিদের ওপর হামলা চালানো ইহুদি দাঙ্গাকারীদের ইসরায়েলি সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছিলেন হাকাবি। তার ওই মন্তব্যের জেরে বাজরিয়ার মসজিদে আগুন দেওয়ার ঘটনায় জড়িতরা হাকাবিকে উদ্দেশ্য করে বিদ্রূপাত্মক গ্রাফিতি লিখেছিল।
হাকাবি জানান যে ওই ঘটনা তাকে ব্যক্তিগতভাবে বিচলিত করেনি তবে সামগ্রিক প্রবণতা নিয়ে তিনি শঙ্কিত। তার মতে এই ধরনের সহিংসতা ও ঘৃণাজনিত অপরাধ ইসরায়েলের আন্তর্জাতিক ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। সাক্ষাৎকারে ইরান প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত দাবি করেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির কারণে ইরান বর্তমানে সামরিক ও অর্থনৈতিকভাবে দুর্বল অবস্থায় রয়েছে।
তিনি উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্রের জন্য ইরানের হুমকি দীর্ঘদিনের এবং এটিকে উপেক্ষা করার সুযোগ নেই। পশ্চিম তীরের সহিংসতা এখন ওয়াশিংটনের জন্যও ক্রমবর্ধমান রাজনৈতিক ও কূটনৈতিক উদ্বেগের কারণ হয়ে উঠছে যা হাকাবির বক্তব্যে স্পষ্ট হয়েছে।
এস এম/ ৫ সেপ্টেম্বর ২০২৬







