দাবানল ইস্যুতে কানাডাকে ট্রাম্পের হুঁশিয়ারি: পণ্য আমদানিতে বাড়তে পারে শুল্ক

ওয়াশিংটন, ১৮ জুলাই – কানাডায় সৃষ্ট ভয়াবহ দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতির জন্য কানাডার বন ব্যবস্থাপনার ত্রুটিকে দায়ী করে দেশটির পণ্যের ওপর অতিরিক্ত বাণিজ্য শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
একই সঙ্গে এই সংকট নিয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন ট্রাম্প। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প দাবি করেন যে কানাডা তাদের বন ও ঝোপঝাড় যথাযথভাবে রক্ষণাবেক্ষণ না করায় যুক্তরাষ্ট্রে দূষিত ও অস্বাস্থ্যকর বাতাস ছড়িয়ে পড়ছে।
এর ফলে যুক্তরাষ্ট্রের যে ক্ষয়ক্ষতি হচ্ছে তার ক্ষতিপূরণ হিসেবে কানাডার পণ্যের ওপর বিদ্যমান শুল্ক আরও বাড়ানো হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন। বর্তমানে কানাডায় ৮৯৬টি দাবানল সক্রিয় রয়েছে যার মধ্যে ওন্টারিও প্রদেশেই জ্বলছে প্রায় ২০০টি আগুন।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে এর মধ্যে ৮১টি আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং অন্তত ১০টি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলের ধোঁয়ার প্রভাবে নিউ জার্সিসহ বিভিন্ন অঙ্গরাজ্যে বায়ুর মান নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
এই পরিস্থিতির প্রভাব ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফাইনালের ওপরও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা উত্তর আমেরিকায় দাবানল বৃদ্ধির জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করলেও ট্রাম্প বরাবরই বন ব্যবস্থাপনার দুর্বলতাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করে আসছেন।
এদিকে দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে দাবানলের স্বাস্থ্যগত প্রভাব নিয়ে গবেষণাকারী বিভিন্ন ল্যাবরেটরির বাজেট কমিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন।
এস এম/ ১৮ জুলাই ২০২৬









